রাজ্যের খবর

তথ্যগত অসঙ্গতি নিয়ে এবার তৎপর কমিশন, ভোটারদের বাড়ি গিয়ে যাচাই করবেন বিএলও

ভোটারের নাম, জন্মতারিখ, ঠিকানা-সহ বিভিন্ন তথ্যে অমিল থাকলে সরেজমিনে যাচাই করতে হবে বুথস্তরের আধিকারিক বা বিএলওদের।

Truth of Bengal: এসআইআরের পর এবার ভোটার তালিকায় তথ্যগত ভুল সংশোধনে জোর দিল নির্বাচন কমিশন। ভোটারের নাম, জন্মতারিখ, ঠিকানা-সহ বিভিন্ন তথ্যে অমিল থাকলে সরেজমিনে যাচাই করতে হবে বুথস্তরের আধিকারিক বা বিএলওদের। এই মর্মে নতুন নির্দেশিকা জারি করেছে কমিশন।

নির্দেশ অনুযায়ী, ভোটার তালিকায় থাকা পুরনো তথ্যের সঙ্গে এসআইআর চলাকালীন সংগ্রহ করা তথ্য মিলিয়ে দেখতে হবে। কোনও অমিল ধরা পড়লে সংশ্লিষ্ট ভোটারের বাড়িতে গিয়ে তা যাচাই করতে হবে। নাম, বাবা-মায়ের নাম, জন্মতারিখ, মোবাইল নম্বর, ছবি-সহ যাবতীয় তথ্য নির্ভুল করার নির্দেশ দেওয়া হয়েছে।

কমিশনের হিসাব অনুযায়ী, বিহারের পর ১২টি রাজ্যে এসআইআরের মাধ্যমে প্রায় ৬.৫ কোটি নাম মৃত, অনুপস্থিত, স্থানান্তরিত ও ডুপ্লিকেট হিসেবে বাদ পড়েছে। এছাড়া পশ্চিমবঙ্গে প্রায় ২৭ লক্ষ নাম তথ্যগত অসঙ্গতির কারণে বাদ গিয়েছে। সংশ্লিষ্ট ভোটারদের সুপ্রিম কোর্টের তৈরি আপিল ট্রাইবুনালে আবেদন জানানোর সুযোগ রয়েছে।

কমিশনের স্পষ্ট নির্দেশ, শুধুমাত্র স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থার ভিত্তিতে ভোটার তালিকায় কোনও পরিবর্তন করা যাবে না। ভোটারের স্বাক্ষর এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের পরেই সংশোধন করা যাবে। কমিশনের লক্ষ্য, ভোটার তালিকায় প্রত্যেকের তথ্য নির্ভুল রাখা এবং ভবিষ্যতে তথ্যগত অসঙ্গতি এড়ানো।

Related Articles