রাজ্যের খবর

এই জেলায় বাংলাদেশ থেকে অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করতে হবে, পুলিশ সুপারকে কড়া বার্তা শুভেন্দুর

শুভেন্দুর নির্দেশ, বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীদের খুঁজে বের করে যে পথে তাঁরা ভারতে প্রবেশ করেছেন, সেই পথেই ফেরত পাঠাতে হবে

Truth of Bengal: অনুপ্রবেশ রুখতে কোচবিহার পুলিশকে কড়া পদক্ষেপের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার কোচবিহারের এমজেএন স্টেডিয়ামে রাসমেলার উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বের করে দেওয়ার কথা বলেন তিনি। এ বিষয়ে জেলার পুলিশ সুপার মণীশ যোশীকেও একাধিক নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। শুভেন্দুর নির্দেশ, বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীদের খুঁজে বের করে যে পথে তাঁরা ভারতে প্রবেশ করেছেন, সেই পথেই ফেরত পাঠাতে হবে। তবে ধর্মীয় নিপীড়ন বা প্রাণের ভয়ে যাঁরা এ দেশে আশ্রয় নিয়েছেন, তাঁদের অনুপ্রবেশকারী হিসেবে না দেখে শরণার্থী হিসেবে বিবেচনা করার বার্তা দেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, “যাঁরা ধর্ম বাঁচাতে এসেছেন, প্রাণ বাঁচাতে এসেছেন তাঁরা অনুপ্রবেশকারী নন। শরণার্থী। তাঁদের বাঁচাতে হবে। আশ্রয় দিতে হবে।”

সীমান্ত নিরাপত্তা জোরদার করার প্রসঙ্গেও বিশেষ গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী। বিএসএফের সঙ্গে রাজ্য পুলিশের সম্পর্ক আরও মজবুত করার নির্দেশ দিয়ে তিনি বলেন, সীমান্ত এলাকায় অবৈধ মাদ্রাসা, গাঁজা, জাল নোট এবং মাদক পাচারের মতো অপরাধ বন্ধ করতে হবে। বিএসএফের হাতে জমি হস্তান্তরের বিষয়টিও তাঁর বক্তব্যে উঠে আসে। এদিন বিরোধী দলনেতা থাকাকালীন খাগড়াবাড়িতে তাঁর গাড়িতে হামলার প্রসঙ্গও তোলেন শুভেন্দু। সেই ঘটনার ছবি তাঁর কাছে রয়েছে বলে দাবি করে তিনি বলেন, “আমি অনেক সহ্য করেছি। খাগড়াবাড়িতে আমার গাড়ির উপর হামলা হয়েছিল। ছবিগুলো আমার কাছে সব আছে। এবার উন্নয়নও হবে। জবাবও হবে।”

রাসমেলার মঞ্চ থেকে মহিলাদের নিরাপত্তা নিয়েও কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে ‘দুর্গাবাহিনী’কে সম্মান জানানোর পাশাপাশি মহিলাদের অসম্মান বা তাঁদের উপর আক্রমণের চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। তাঁর কথায়, “যদি আমার একটি দিদি, বোন, কন্যার উপর আঙুল তোলে, তার আঙুলটা ভেঙে দিতে হবে।” পাশাপাশি কোচবিহারের সামগ্রিক উন্নয়নের রূপরেখাও তুলে ধরেন শুভেন্দু। জেলার গ্রামীণ এলাকাকে শহরের মতো পরিকাঠামোয় গড়ে তোলা এবং শহরাঞ্চলকে আরও আধুনিক করে মহানগরের আদলে সাজানোর লক্ষ্য রয়েছে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, কোচবিহারের ‘গ্রামকে নগর’ এবং ‘নগরকে মহানগর’ করে তোলাই সরকারের পরিকল্পনা।

Related Articles