শিল্প ফেরানোর স্বপ্নে ফের এক মঞ্চে সিঙ্গুর! ৯৬ বছরের রবীন্দ্রনাথের পাশে প্রাক্তন ছাত্র মানস, পাশে বিধায়ক অরূপ দাস
পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এমন এক নাম, যার সঙ্গে জড়িয়ে রয়েছে আন্দোলন, সংঘাত, স্বপ্নভঙ্গ এবং শিল্পায়নের এক অসমাপ্ত অধ্যায়
তরুণ মুখোপাধ্যায় হুগলি: সিঙ্গুরের শিল্প আন্দোলনের দুই প্রজন্মের আবেগঘন সাক্ষাৎ, টাটাকে ফেরানোর দাবিতে প্রবীণ মাস্টারমশাইয়ের পাশে থাকার বার্তা। সিঙ্গুর—পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এমন এক নাম, যার সঙ্গে জড়িয়ে রয়েছে আন্দোলন, সংঘাত, স্বপ্নভঙ্গ এবং শিল্পায়নের এক অসমাপ্ত অধ্যায়। সেই সিঙ্গুরেরই একসময়ের বহুচর্চিত রাজনৈতিক ব্যক্তিত্ব, ৯৬ বছরের প্রবীণ শিক্ষক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। একদিন যিনি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ও আস্থাভাজন। পরবর্তীকালে রাজনৈতিক মতপার্থক্যের কারণে তৃণমূলের শিবির ছেড়ে যোগ দেন বিজেপিতে। বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবেও প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। কিন্তু বয়সের ভারে নুয়ে পড়লেও সিঙ্গুরের শিল্পায়ন নিয়ে তাঁর ভাবনা আজও অটুট। সেই প্রবীণ মাস্টারমশাইকে ঘিরেই এবার দেখা গেল এক আবেগঘন মুহূর্ত। রাসপূর্ণিমার পুণ্যতিথিতে তাঁর বাসভবনে গিয়ে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানালেন সিঙ্গুরের বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষা উদ্যোগী মানস কুমার ঘোষ। স্মারক, উত্তরীয়, স্বামী বিবেকানন্দের রচনাবলি-সহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দিয়ে শ্রদ্ধা জানালেন ৯৬ বছরের এই প্রবীণ শিক্ষককে। অনাড়ম্বর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিঙ্গুরের বর্তমান বিধায়ক তথা বিশিষ্ট চিকিৎসক ডাঃ অরূপ কুমার দাস।

তবে এই সংবর্ধনা নিছক একজন প্রবীণ রাজনীতিবিদকে সম্মান জানানোর অনুষ্ঠান হয়ে থাকেনি। এর অন্তরালে উঠে এসেছে সিঙ্গুরের শিল্পায়ন নিয়ে নতুন করে আশার কথা, অতীতের ভুল স্বীকার এবং ভবিষ্যৎ প্রজন্মের কর্মসংস্থানের স্বপ্ন।
অনুষ্ঠানে বিধায়ক ডাঃ অরূপ কুমার দাস এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তাঁর বক্তব্যে উঠে আসে সিঙ্গুরে শিল্প ফেরানোর প্রয়োজনীয়তা। তিনি প্রবীণ রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে এই উদ্যোগে পাশে থাকার আহ্বান জানান। একইসঙ্গে আশা প্রকাশ করেন, অচিরেই টাটা গোষ্ঠী এবং ন্যানো প্রকল্পকে ঘিরে সিঙ্গুরে শিল্প স্থাপনের প্রক্রিয়া নতুন করে শুরু হতে পারে।
অতীতের দিকে ফিরে তাকিয়ে রবীন্দ্রনাথ ভট্টাচার্যের বক্তব্যেও ধরা পড়ে এক ধরনের অনুশোচনা। তিনি বলেন, ‘‘সেই সময় একটা ভুল আমরা করেছিলাম। শিল্প ফিরিয়ে দিয়েছিলাম। আজ পরিস্থিতি অনেক বদলেছে। সেদিন যাঁরা শিল্পের বিরোধিতা করেছিলেন, সেই অনিচ্ছুক কৃষক পরিবারের অনেকেই এখন শিল্প ফেরানোর পক্ষে এবং টাটা গোষ্ঠীকে সহযোগিতা করতে চান।’’

প্রবীণ মাস্টারমশাইয়ের কথায়, সময়ের সঙ্গে মানুষের উপলব্ধিও বদলেছে। শিল্পের অভাব যে একটি এলাকার অর্থনীতি, কর্মসংস্থান এবং আগামী প্রজন্মের ভবিষ্যৎকে কতটা প্রভাবিত করতে পারে, তা আজ অনেকেই বুঝতে পারছেন।
আর এই অনুষ্ঠানের সবচেয়ে আবেগঘন মুহূর্তটি তৈরি হয় মানস কুমার ঘোষকে নিয়ে রবীন্দ্রনাথ ভট্টাচার্যের মন্তব্যে। তিনি বলেন, ‘‘আমার ছাত্র মানস কুমার ঘোষ আমার মানসপুত্রের মতো। সেদিনও ও শিল্পের পক্ষে ছিল। আজও শিল্পের পক্ষে সমর্থন জানাতে আমার কাছে এসেছে। আমি অবশ্যই চাই সিঙ্গুরে শিল্প ফিরে আসুক।’’ শিক্ষক ও ছাত্রের সম্পর্ক যে সময়ের গণ্ডি পেরিয়েও কতটা গভীর হতে পারে, এই সাক্ষাৎ যেন তারই এক জীবন্ত উদাহরণ। একদিকে ৯৬ বছরের অভিজ্ঞতা, অন্যদিকে আগামী প্রজন্মের কর্মসংস্থান ও এলাকার উন্নয়নের স্বপ্ন—দুইয়ের মধ্যে সেতুবন্ধন তৈরি করল এই অনুষ্ঠান।
মানস কুমার ঘোষও তাঁর অবস্থান স্পষ্ট করে বলেন, ‘‘আমি প্রথম থেকেই টাটা গোষ্ঠীর পক্ষে ছিলাম। আজও আছি। সিঙ্গুরে শিল্প হলে এলাকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের একটি বড় ক্ষেত্র তৈরি হবে। শুধু সিঙ্গুর নয়, গোটা জেলার আর্থিক পরিকাঠামোতে ইতিবাচক পরিবর্তন আসবে।’’
সিঙ্গুরের মাটিতে টাটার ন্যানো প্রকল্প ঘিরে যে ইতিহাস তৈরি হয়েছিল, তা আজও রাজ্য রাজনীতির অন্যতম আলোচিত অধ্যায়। সেই ইতিহাসের ক্ষত, বিতর্ক কিংবা রাজনৈতিক দায়বদ্ধতা নিয়ে মতভেদ থাকতেই পারে। কিন্তু শিল্প ও কর্মসংস্থানের প্রয়োজনীয়তা নিয়ে যে নতুন করে আলোচনা জরুরি, এই অনুষ্ঠানে তা আরও একবার স্পষ্ট হল।
রাজনীতির রং, মতাদর্শের বিভাজন কিংবা ক্ষমতার পালাবদলের ঊর্ধ্বে উঠে সিঙ্গুরের ভবিষ্যৎ নিয়ে ভাবার বার্তাই যেন দিলেন শিক্ষক, ছাত্র এবং বর্তমান বিধায়ক। ৯৬ বছরের রবীন্দ্রনাথ ভট্টাচার্যের পাশে দাঁড়িয়ে মানস কুমার ঘোষের এই শ্রদ্ধা নিবেদন তাই শুধুমাত্র একটি সংবর্ধনা অনুষ্ঠান নয়, বরং সিঙ্গুরের বুকে শিল্প ফেরানোর স্বপ্নকে নতুন করে আলোচনায় নিয়ে আসার একটি তাৎপর্যপূর্ণ প্রয়াস। সিঙ্গুরের মানুষ কি সত্যিই আবার শিল্পের আলো দেখতে পাবেন? টাটা গোষ্ঠী কি ফিরবে এই মাটিতে? উত্তর ভবিষ্যতের হাতে। তবে একটি বিষয় স্পষ্ট—সিঙ্গুরের শিল্পায়নের অসমাপ্ত স্বপ্ন আজও ফুরিয়ে যায়নি।



