কলকাতারাজ্যের খবর

নবান্নের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় বাস, বাইক ও গাড়িতে ধাক্কা! আহত ২

দুর্ঘটনায় এক বাইক আরোহী এবং কর্তব্যরত এক সিভিক ভলান্টিয়ার আহত হয়েছেন

জ্যোতির্ময় দত্ত, নবান্ন : সকালবেলার ব্যস্ত সময়ে নবান্নের কাছে বাস দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবোঝাই বাস একাধিক যানবাহনে ধাক্কা মারার পাশাপাশি রাস্তার সিগন্যাল পোস্টেও আঘাত করে। এই দুর্ঘটনায় এক বাইক আরোহী এবং কর্তব্যরত এক সিভিক ভলান্টিয়ার আহত হয়েছেন। সোমবার অফিস টাইমে ঘটনাটি ঘটায় কিছুক্ষণের জন্য যান চলাচলেও বিঘ্ন সৃষ্টি হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাতরাগাছি থেকে বারাসতের দিকে যাচ্ছিল বাসটি। নবান্নের কাছে দ্বিতীয় হুগলি সেতুর সংযোগকারী রাস্তার একটি বাঁকে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি। এরপর সামনে থাকা দুটি বাইক ও একটি মারুতি গাড়িতে ধাক্কা মারে। সেখানেই থেমে না থেকে রাস্তার ধারে থাকা একটি সিগন্যাল পোস্টেও সজোরে ধাক্কা লাগে বাসটির। দুর্ঘটনার অভিঘাতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনায় এক বাইক আরোহী ও এক সিভিক ভলান্টিয়ার আহত হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন ট্রাফিক পুলিশের আধিকারিকরা। আহতদের উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে তাঁদের চিকিৎসা চলছে।

দুর্ঘটনার পর বাসচালক ঘটনাস্থল ছেড়ে পালিয়ে গিয়েছেন বলে অভিযোগ। পরে ব্রেকডাউন ভ্যান এনে দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে রাস্তা থেকে সরানো হয়। যান চলাচল স্বাভাবিক করতে পুলিশের তরফে ব্যবস্থা নেওয়া হয়। কী কারণে বাসটি নিয়ন্ত্রণ হারাল, তা এখনও স্পষ্ট নয়। যান্ত্রিক ত্রুটি, চালকের অসতর্কতা নাকি অন্য কোনও কারণ—সব দিক খতিয়ে দেখছে হাওড়া সিটি পুলিশ। দুর্ঘটনাকে ঘিরে তদন্ত শুরু হয়েছে।

Related Articles