কলকাতা

বিদেশে দুর্নীতির টাকা বিনিয়োগ? সুজিত বসুকে ফের জেরার প্রস্তুতি সিবিআইয়ের

বিদেশে টাকা পাচার এবং মধ্যপ্রাচ্যে হোটেল ব্যবসায় লগ্নির অভিযোগ খতিয়ে দেখছে সিবিআই

Truth of Bengal: পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুর অস্বস্তি আরও বাড়ল। এবার বিদেশে টাকা পাচার এবং মধ্যপ্রাচ্যে হোটেল ব্যবসায় লগ্নির অভিযোগ খতিয়ে দেখছে সিবিআই। এই বিষয়ে তাঁকে ফের জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা। সম্প্রতি সুজিত বসুর ঘনিষ্ঠ এক ব্যবসায়ী এবং এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে জেরা করে বেশ কিছু তথ্য হাতে এসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। সেই সূত্র ধরেই তদন্তের পরবর্তী পদক্ষেপ করতে চাইছে সিবিআই।

তদন্তকারীদের সন্দেহ, পুর নিয়োগ দুর্নীতির মাধ্যমে পাওয়া টাকা মধ্যপ্রাচ্যের কোনও হোটেল ব্যবসায় বিনিয়োগ করা হয়েছিল কি না। সেই আর্থিক লেনদেনের সূত্র খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, এই মামলায় আরও তথ্য সংগ্রহ করতে দুটি ব্যাঙ্কের আধিকারিককেও তলব করেছে সিবিআই। সুজিত বসুর সঙ্গে তাঁদের যোগসূত্র রয়েছে বলে তদন্তকারীদের অনুমান। চলতি সপ্তাহেই তাঁদের হাজিরা দিতে বলা হয়েছে। উল্লেখ্য, গত ১১ মে গ্রেফতার হন প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু। পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর বিরুদ্ধে ২০ কোটি টাকা নগদ পাওয়ার অভিযোগ তুলেছিল ইডি। গ্রেফতারির ৬০ দিনের মাথায় বিশেষ আদালতে ১৮৬ পাতার চার্জশিট জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেখানে সুজিত বসুর পাশাপাশি তাঁর ছেলে সমুদ্র বসু, তাঁর মালিকানাধীন দুটি সংস্থা এবং পুর ও নগরোন্নয়ন দফতরের তৎকালীন আধিকারিক জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়ের নাম উল্লেখ করা হয়। জ্যোতিষ্মানের মাধ্যমে তিন কোটি টাকা লেনদেনের অভিযোগও তুলেছিল ইডি।

এদিকে, তদন্তের স্বার্থে গত শনিবার জেলে গিয়ে সুজিত বসুকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। দক্ষিণ দমদম পুরসভায় বেআইনিভাবে নিয়োগের অভিযোগকে কেন্দ্র করে তাঁকে প্রশ্ন করা হয়। অভিযোগ, সেই সময় পুরসভার ভাইস চেয়ারম্যান থাকাকালীন টাকার বিনিময়ে চাকরি দেওয়ার ক্ষেত্রে সুজিত বসুর সুপারিশ ছিল। এবার বিদেশে আর্থিক লেনদেনের সূত্র ধরে তদন্ত কোন দিকে এগোয়, সেদিকেই নজর রয়েছে।

Related Articles