‘ওকে জেলে ঢোকাব’, ঋতব্রতকে কড়া হুঁশিয়ারি কল্যাণের!
তাঁর অভিযোগ, ঋতব্রতর কাছে জাল হলফনামা রয়েছে।
Truth of Bengal: নির্বাচন কমিশনে জমা পড়া হলফনামা এবং বিধায়কদের সমর্থন নিয়ে মমতাপন্থী ও ঋতব্রতপন্থী শিবিরের মধ্যে রাজনৈতিক সংঘাত ক্রমশ তীব্র হচ্ছে। দুই শিবিরের তরজায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মধ্যে। এবার ঋতব্রতকে সরাসরি জেলে পাঠানোর হুঁশিয়ারি দিলেন কল্যাণ। তাঁর অভিযোগ, ঋতব্রতর কাছে জাল হলফনামা রয়েছে। বিতর্কের সূত্রপাত রবিবার। সেদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, নির্বাচন কমিশনে তিন ট্রাক ভর্তি নথি জমা পড়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী, সেই নথিতে লোকসভার আটজন এবং রাজ্যসভার ন’জন সাংসদ, অর্থাৎ মোট ১৭ জন সাংসদের পাশাপাশি ৩২ জন বিধায়কের স্বাক্ষর করা হলফনামাও রয়েছে। কল্যাণের এই দাবির পরেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করে, ওই ৩২ জন বিধায়ক কারা?
সোমবার সেই ইস্যুতেই কল্যাণকে পাল্টা আক্রমণ করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। একাধিক বিষয়ে কটাক্ষ করার পাশাপাশি শ্রীরামপুরে জগদ্ধাত্রী পুজোয় চণ্ডীপাঠ করার কথাও জানান তিনি। ঋতব্রতর এই মন্তব্যের জবাব দিতে গিয়ে তাঁর পুজো ও চণ্ডীপাঠের প্রসঙ্গেও পাল্টা কটাক্ষ করেন কল্যাণ। চণ্ডীপাঠ নিয়ে ঋতব্রতর বক্তব্যের প্রতিক্রিয়ায় কল্যাণ বলেন, “উনি চণ্ডীপাঠ করতেই পারেন। উনি ইন্টেলেকচুয়াল পণ্ডিত। আমি কোথাও বলিনি আমি নির্ভুল। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর থেকেও উনি ভাল করেন। আমি চণ্ডীপাঠ করি। নবমীতে আড়াই ঘণ্টা ধরে। আমি প্রতিযোগিতায় নেই। উনি করছেন, ভাল তো।” তাঁর কথায়, পুজোর ক্ষেত্রে মূল বিষয় হল ইষ্টদেবতার প্রতি ভালোবাসা এবং ভক্তি। কে কত ভালো চণ্ডীপাঠ করছেন, তা নিয়ে তিনি কোনও প্রতিযোগিতায় নামতে চান না বলেও স্পষ্ট করেন কল্যাণ।
এরপরই ঋতব্রতকে নিশানা করে আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন শ্রীরামপুরের সাংসদ। তিনি বলেন, “ওঁর কাজ নেই। আমার কাজ আছে। উনি কোন হরিদাস পাল? যে ওঁর জন্য যেতে হবে।” শুধু মৌখিক আক্রমণেই থেমে থাকেননি কল্যাণ। ঋতব্রতর বিরুদ্ধে আইনি পদক্ষেপের ইঙ্গিত দিয়ে তাঁর হুঁশিয়ারি, “ওকে জেলে ঢোকাব। ওর কাছে জাল হলফনামা আছে।” এদিকে, সোমবার হুগলির কোন্নগরে রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী তথা ডেমোক্র্যাটিক তৃণমূলের বর্তমান নেতা স্নেহাশিস চক্রবর্তীর বাড়ির জগদ্ধাত্রী পুজোয় যোগ দেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক নেতা। সেখান থেকে তাঁদের চুঁচুড়া ও শ্রীরামপুরে যাওয়ার কর্মসূচি ছিল। শ্রীরামপুরের সন্তোষ সিংহ ওরফে পাপ্পুর বাড়ির জগদ্ধাত্রী পুজোয় চণ্ডীপাঠ করার কথাও জানান ঋতব্রত। আর সেই চণ্ডীপাঠের কর্মসূচিকে কেন্দ্র করেই কল্যাণ ও ঋতব্রতর মধ্যে বাকযুদ্ধ নতুন মাত্রা পেল। নির্বাচন কমিশনে জমা পড়া নথি ও হলফনামা নিয়ে শুরু হওয়া রাজনৈতিক চাপানউতোর এবার ব্যক্তিগত আক্রমণ এবং পাল্টা হুঁশিয়ারিতে আরও জোরালো হয়ে উঠল।






