কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোয় যান চলাচলে কড়া বিধিনিষেধ! ১৯ নভেম্বর পর্যন্ত একাধিক রাস্তা বন্ধ
আগেভাগেই একাধিক পদক্ষেপ করল কৃষ্ণনগর জেলা পুলিশ
Truth of Bengal: জগদ্ধাত্রী পুজোর আনন্দে মেতে উঠেছে নদিয়ার কৃষ্ণনগর। ঐতিহ্যবাহী এই পুজো দেখতে প্রতি বছরই শহরে ভিড় করেন লক্ষ লক্ষ মানুষ। দর্শনার্থীদের ঢল সামলাতে গিয়ে তৈরি হয় তীব্র যানজট। এবার সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগেভাগেই একাধিক পদক্ষেপ করল কৃষ্ণনগর জেলা পুলিশ। পুজোর দিনগুলিতে শহরের বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি বদলে দেওয়া হয়েছে বিভিন্ন রুটের বাসের যাত্রাপথ ও ছাড়ার জায়গা। ফলে কৃষ্ণনগরে যাওয়ার পরিকল্পনা থাকলে আগে থেকেই পুলিশের নির্দেশিকা জেনে নেওয়া জরুরি। পুলিশ সূত্রে খবর, ১৬ নভেম্বর থেকে শহরে যান চলাচলের উপর বিধিনিষেধ কার্যকর হয়েছে। এই নিয়ন্ত্রণ চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। তবে প্রতিমা বিসর্জন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত প্রয়োজন অনুযায়ী বিধিনিষেধের সময়সীমা বাড়ানো হতে পারে। জরুরি পরিষেবা এবং অত্যাবশ্যকীয় সরকারি পরিষেবার সঙ্গে যুক্ত যানবাহন অবশ্য এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
পুলিশের নির্দেশিকা অনুযায়ী, ১৬ নভেম্বর সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৩টে থেকে ১৭ নভেম্বর গভীর রাত পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। একইভাবে ১৭ নভেম্বর সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৩টে থেকে ১৮ নভেম্বর গভীর রাত পর্যন্ত বিধিনিষেধ জারি থাকবে। ১৮ নভেম্বর সকাল ৮টা থেকে ১৯ নভেম্বর গভীর রাত পর্যন্তও শহরে যান চলাচলের উপর নিয়ন্ত্রণ বজায় থাকবে। অন্যদিকে, ১৯ নভেম্বর সকাল ১০টা থেকে প্রতিমা বিসর্জন শেষ না হওয়া পর্যন্ত যান চলাচলে বিধিনিষেধ কার্যকর থাকবে। বিসর্জন পর্ব ২০ বা ২১ নভেম্বর পর্যন্ত গড়ালে সেই সময়েও প্রয়োজন অনুযায়ী নিয়ন্ত্রণ জারি রাখা হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে ধাপে ধাপে বিধিনিষেধ তুলে নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
শুধু সাধারণ যানবাহন নয়, পুজোর দিনগুলিতে বাস পরিষেবাতেও একাধিক পরিবর্তন আনা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে কৃষ্ণনগর বাসস্ট্যান্ড থেকে বেশ কিছু রুটের বাস চলাচল করতে পারবে না। শহরের ভিতরেও বাস প্রবেশে নিষেধাজ্ঞা থাকছে। যাত্রীদের অসুবিধা কমাতে বিভিন্ন রুটের বাসের জন্য বিকল্প যাত্রার জায়গা নির্দিষ্ট করে দিয়েছে পুলিশ।
কোন রুটের বাস কোথা থেকে ছাড়বে?
পুলিশের নির্দেশিকা অনুযায়ী, বাসের বিকল্প যাত্রাস্থলগুলি হল—
-
কৃষ্ণনগর বাসস্ট্যান্ড: করিমপুর, তেহট্ট ও বেথুয়াডহরিগামী বাস।
-
গোদাডাঙা নো এন্ট্রি পয়েন্ট: কৃষ্ণনগরগঞ্জ, মাজদিয়া, ইব্রাহিমপুর ও কদমঘাটগামী বাস।
-
কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠ (হলি ফ্যামিলি স্কুলের কাছে): মায়াপুর, কালীগঞ্জ, পলাশী, অগ্রদ্বীপ, নবদ্বীপ ঘাট, বর্ধমান, কাটোয়া, ইসলামপুর ও দুর্গাপুরগামী বাস।
-
কালতলা, পাণ্ডব মোড় সংলগ্ন এলাকা: হাঁসখালি, বগুলা, দত্তফুলিয়া ও বনগাঁগামী বাস।
-
পালপাড়া মোড়: রানাঘাট, শান্তিপুর ও বাদকুল্লাগামী বাস।
এদিকে, শহরের ভিতরে যানবাহনের প্রবেশ নিয়ন্ত্রণ করতে মোট ন’টি জায়গাকে নো এন্ট্রি পয়েন্ট হিসেবে চিহ্নিত করেছে কৃষ্ণনগর জেলা পুলিশ। পুজোর ভিড় সামলানো এবং দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতেই এই ব্যবস্থা।




