রাজ্যের খবর

বাঁকুড়ায় আরও ২ লক্ষ ৯৫ হাজার বাড়ি তৈরির ঘোষণা শুভেন্দুর, আদিবাসী বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশবান্ধব শিল্পের বার্তা মুখ্যমন্ত্রীর

সরকারি প্রকল্পের সুবিধা প্রসঙ্গে শুভেন্দু জানান, জল জীবন মিশনের মাধ্যমে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়া হবে

Truth of Bengal: বাঁকুড়ার উন্নয়নে একগুচ্ছ বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আবাস যোজনার আওতায় জেলায় আরও ২ লক্ষ ৯৫ হাজার ৮২টি বাড়ি নির্মাণ করা হবে বলে জানালেন তিনি। পাশাপাশি পানীয় জল, খাদ্য সুরক্ষা, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা ও শিল্পের প্রসারেও একাধিক প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। বাঁকুড়ায় দাঁড়িয়ে জঙ্গলমহলের উন্নয়ন এবং আদিবাসী সমাজের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার উপরেও বিশেষ জোর দেন তিনি। সরকারি প্রকল্পের সুবিধা প্রসঙ্গে শুভেন্দু জানান, জল জীবন মিশনের মাধ্যমে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়া হবে। প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনার আওতায় খাদ্যশস্যের সুবিধার পাশাপাশি আয়ুষ্মান ভারত কার্ডের মাধ্যমে চিকিৎসার সুযোগ পাবেন উপভোক্তারা। যাঁরা আয়ুষ্মান কার্ডের আওতায় আসবেন না, তাঁদের জন্য রয়েছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা। এই প্রকল্পে গোটা দেশের ৩৮ হাজার হাসপাতালে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুবিধা পাওয়া যাবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

আবাস যোজনা নিয়েও বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, একটি পরিবারে দু’জন বা তিনজন জব কার্ডধারী থাকলে তাঁরা ৩৫ হাজার টাকা করে পাবেন। পাশাপাশি আগামীকালই আরও সাত লক্ষ আবাস যোজনার উপভোক্তার অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা পাঠানো হবে। এর জন্য মোট ৪২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলেও জানান তিনি।শিক্ষা ও আদিবাসী উন্নয়নের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, বাঁকুড়ায় আরও একটি আদিবাসী বিশ্ববিদ্যালয় তৈরির জন্য জমি চিহ্নিত করা হয়েছে। জঙ্গলমহলের মানুষের সাংস্কৃতিক ঐতিহ্য ও অধিকার রক্ষার বিষয়েও সরব হন তিনি। পূর্ববর্তী বামফ্রন্ট ও তৃণমূল সরকারের আমলে জঙ্গলমহলের মানুষ বঞ্চনার শিকার হয়েছেন বলে অভিযোগ করেন শুভেন্দু। তাঁর ঘোষণা, স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা মামলা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে। পশ্চিমাঞ্চল উন্নয়ন খাত থেকে ১২০০ কোটি টাকা খরচ করা হবে। সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার স্বার্থে ডিসেম্বরের মধ্যে সমস্ত বোর্ড গঠনের কাজও সম্পূর্ণ করা হবে।

অন্যদিকে, অরণ্য ও পরিবেশ রক্ষার প্রশ্নে যথেষ্ট কড়া অবস্থান নিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর স্পষ্ট বার্তা, জঙ্গলমহলের পাহাড় ও জঙ্গলের ক্ষতি করতে দেওয়া হবে না। অবৈধ বালি খাদানও চলতে দেওয়া হবে না। তবে বালির দাম যাতে না বাড়ে, সেই কারণে অবৈধ খাদানগুলিকে নিয়ম মেনে বৈধ করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। শিল্পের প্রসঙ্গে শুভেন্দু বলেন, পুরুলিয়া ও বাঁকুড়ায় পরিবেশবান্ধব শিল্প গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। শিল্পের জন্য যাঁরা জমি দেবেন, তাঁদের কাছ থেকে সরকার ন্যায্য মূল্যে জমি কিনবে। একইসঙ্গে তফসিলি জাতি, উপজাতি ও অনগ্রসর শ্রেণির মানুষের অধিকার সুরক্ষিত রেখেই যোগ্যতার ভিত্তিতে নিয়োগ করা হবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নেও একাধিক পদক্ষেপের কথা জানিয়েছেন তিনি। হলুদকানলি হাসপাতাল পুনরায় চালু করার জন্য স্বাস্থ্য সচিবকে ১ কোটি ৪২ লক্ষ টাকা বরাদ্দ করার নির্দেশ দিয়েছেন শুভেন্দু। চিকিৎসকদের থাকার জন্য কোয়ার্টার তৈরির বিষয়টিও পরিকল্পনায় রয়েছে। পাশাপাশি রাস্তা উন্নয়নের মাধ্যমে দুটি জাতীয় সড়ককে সংযুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

এদিন নিজের ঝাড়গ্রাম ও পুরুলিয়া সফরের কর্মসূচিও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। আগামী ১৫ নভেম্বর শিলদায় যাওয়ার কথা তাঁর। ২১ নভেম্বর পুরুলিয়ায় বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে বৈঠক করবেন। মকর সংক্রান্তিতে গোপীবল্লভপুর সফরের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। বাদরা রব উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের বক্তব্যে এই উৎসবের ঐতিহ্যের কথাও তুলে ধরেন শুভেন্দু। তিনি বলেন, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামে দীর্ঘদিন ধরেই এই উৎসব পালিত হয়ে আসছে। আমন্ত্রণ পেয়ে সেই পুরনো উৎসবে অংশ নিতে পেরে তিনি খুশি। ঝাড়গ্রামের হুল দিবসের অনুষ্ঠানে বিপুল সংখ্যক নৃত্যদলের অংশগ্রহণের কথাও স্মরণ করেন মুখ্যমন্ত্রী।

Related Articles