চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় নিরাপত্তায় কড়া পদক্ষেপ, বন্ধ VIP প্রবেশ, নিষিদ্ধ ডিজেও
স্বাভাবিকভাবেই এবার চন্দননগরের জগদ্ধাত্রী পুজোকে ঘিরে বাড়তি উন্মাদনা তৈরি হয়েছে
Truth of Bengal: পালাবদলের পর এবার নতুন মর্যাদায় চন্দননগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে এই উৎসব পেয়েছে ‘রাজ্য উৎসব’-এর স্বীকৃতি। শুধু সম্মান প্রদানই নয়, উৎসবের আয়োজন আরও জাঁকজমকপূর্ণ করে তুলতে রাজ্য সরকারের তরফে বরাদ্দ করা হয়েছে ৫ কোটি টাকা। স্বাভাবিকভাবেই এবার চন্দননগরের জগদ্ধাত্রী পুজোকে ঘিরে বাড়তি উন্মাদনা তৈরি হয়েছে। তবে উৎসবের জৌলুসের পাশাপাশি নিরাপত্তা ও শৃঙ্খলার বিষয়েও বিশেষ গুরুত্ব দিচ্ছে প্রশাসন এবং কেন্দ্রীয় পুজো কমিটি। চোরবাগানের মর্মান্তিক ঘটনার কথা মাথায় রেখে এবার চন্দননগরের প্রতিটি পুজো মণ্ডপে ভিআইপি প্রবেশ সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনও মণ্ডপেই থাকবে না ভিআইপি গেট কিংবা বিশেষ পাসের ব্যবস্থা। একইসঙ্গে শোভাযাত্রা ও প্রতিমা নিরঞ্জনের সময় ডিজে সাউন্ড এবং সব ধরনের আতশবাজি নিষিদ্ধ করা হয়েছে। শব্দদূষণ নিয়ন্ত্রণে সাউন্ড ব্যবহারের ক্ষেত্রেও নির্দিষ্ট বিধিনিষেধ মেনে চলতে হবে পুজো কমিটিগুলিকে।
শুধু তাই নয়, নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে প্রতিটি পুজো মণ্ডপের ভিতরে প্রতিমার দিকে সিসিটিভি ক্যামেরা বসানো বাধ্যতামূলক করা হয়েছে। প্রতিমা নিরঞ্জন ও শোভাযাত্রার সময় প্রতিটি পুজো কমিটিকে ঠাকুরের গাড়িতে দুটি করে অগ্নিনির্বাপক সিলিন্ডার রাখতে হবে। পুজোর উদ্বোধন, পুজোর দিন এবং নিরঞ্জন পর্ব—কোনও সময়েই আতশবাজি পোড়ানো বা ফাটানো যাবে না। এবারের শোভাযাত্রা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, তার জন্য পরিচালন ব্যবস্থাতেও বড়সড় পরিবর্তন আনা হয়েছে। শোভাযাত্রার সুবিধার্থে নতুন করে পাঁচটি সেক্টর বাড়ানো হয়েছে। ফলে মোট সেক্টরের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫। প্রত্যেকটি সেক্টরের দায়িত্বে থাকবেন একজন করে ইনচার্জ। তাঁদের সঙ্গে থাকবেন ১৭৫ জন স্বেচ্ছাসেবক। অর্থাৎ, সব মিলিয়ে ২০০ জন কর্মী সরাসরি রাস্তায় থেকে শোভাযাত্রা পরিচালনা ও শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকবেন। প্রতিমা নিরঞ্জনের জন্যও নির্দিষ্ট করা হয়েছে একাধিক ঘাট। চন্দননগর থানার অধীনে আটটি এবং ভদ্রেশ্বর থানার অধীনে ছয়টি ঘাটে নিরঞ্জনের ব্যবস্থা করা হয়েছে। নির্ধারিত ঘাট ছাড়া অন্য কোথাও প্রতিমা বিসর্জন দেওয়া যাবে না বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে শোভাযাত্রার বিস্তারিত পরিকল্পনা ও নিরাপত্তা সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করে কেন্দ্রীয় পুজো কমিটি। কমিটির সাধারণ সম্পাদক শুভজিৎ সাউ জানিয়েছেন, আগামী ১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে শোভাযাত্রা ও নিরঞ্জন পর্ব। এবছর মোট ৬৮টি পুজো কমিটি শোভাযাত্রায় অংশ নেবে। এর মধ্যে চন্দননগর থানার অধীনে ৫৬টি এবং ভদ্রেশ্বর থানার অধীনে ১২টি কমিটি রয়েছে। শোভাযাত্রায় অংশ নেবে মোট ২৪৫টি লরি। চন্দননগর থানার এলাকায় থাকবে ২০১টি এবং ভদ্রেশ্বর থানার এলাকায় ৪৪টি লরি। কেন্দ্রীয় পুজো কমিটির প্রধান উপদেষ্টা তথা চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ রাজ্য উৎসবের স্বীকৃতি প্রসঙ্গে বলেন, “এবছর চন্দননগরের জগদ্ধাত্রী পুজোকে ‘স্টেট ফেস্টিভ্যাল’ যে সম্মান রাজ্যের মুখ্যমন্ত্রী দিয়েছেন, তাতে আমরা সকলেই কৃতজ্ঞ।” উল্লেখ্য, আগামী শুক্রবার, ১৩ নভেম্বর চন্দননগরের সবচেয়ে প্রাচীন আদি মায়ের পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর হাত ধরেই জগদ্ধাত্রী পুজোর আনুষ্ঠানিক সূচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। জানা যাচ্ছে, কলকাতার ইডেন গার্ডেন্সের ধাঁচে একটি বিশেষ অনুষ্ঠানেরও আয়োজন করা হচ্ছে। সব মিলিয়ে রাজ্য উৎসবের তকমা পাওয়ার পর এবার ঐতিহ্য, আলোকসজ্জা ও বর্ণাঢ্য শোভাযাত্রার পাশাপাশি নিরাপত্তা ও শৃঙ্খলার নতুন নজির গড়াই চন্দননগরের পুজো উদ্যোক্তাদের প্রধান লক্ষ্য।






