দেশ

দুই-তৃতীয়াংশ সমর্থন নিশ্চিত? আসন পুনর্বিন্যাস বিল পাশ করাতে বিশেষ অধিবেশন ডাকছে কেন্দ্র!

উল্লেখ্য, সংসদের বাদল অধিবেশন আনুষ্ঠানিকভাবে এখনও শেষ হয়নি।

Truth of Bengal: আসন পুনর্বিন্যাস ও মহিলা সংরক্ষণ সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল পাশ করাতে এবার বিশেষ অধিবেশন ডাকতে পারে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, সংসদের দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন জোগাড় করতে পেরেছে মোদি সরকার। সেই কারণেই আগামী কয়েক দিনের মধ্যে বিশেষ অধিবেশন ডাকার প্রস্তুতি চলছে বলে খবর।

উল্লেখ্য, সংসদের বাদল অধিবেশন আনুষ্ঠানিকভাবে এখনও শেষ হয়নি। গত ১৩ আগস্ট লোকসভা ও রাজ্যসভা অনির্দিষ্টকালের জন্য মুলতবি করা হলেও অধিবেশন সমাপ্তির বিজ্ঞপ্তি জারি হয়নি। ৮৮ দিন পেরিয়ে যাওয়ার পরেও এই পরিস্থিতি বজায় থাকায় কেন্দ্রের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছিল কংগ্রেস-সহ বিরোধী দলগুলি।

বিরোধীদের অভিযোগ ছিল, আসন পুনর্বিন্যাস বিল পাশ করানোর লক্ষ্যেই বাদল অধিবেশনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হচ্ছে না। এবার সেই জল্পনাই নতুন করে জোরালো হয়েছে। সূত্রের দাবি, প্রায় ছয় মাসের চেষ্টায় প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সমর্থন নিশ্চিত করার বিষয়ে আত্মবিশ্বাসী কেন্দ্র।

এর আগে বিশেষ অধিবেশনেই এই বিল পেশ করা হয়েছিল। কিন্তু ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠতা পেলেও প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সমর্থন মেলেনি। এবার সেই ব্যর্থতা এড়াতে একাধিক রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করেছেন বিজেপি নেতারা।

অন্যদিকে, কংগ্রেস নেতা জয়রাম রমেশের অভিযোগ, যে কোনও উপায়ে দুই-তৃতীয়াংশ সমর্থন জোগাড়ের চেষ্টা করছে কেন্দ্র। স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বুলডোজার নীতি প্রয়োগের অভিযোগও তুলেছেন তিনি। শীতকালীন অধিবেশনের আগেই বিশেষ অধিবেশন ডেকে এই বিল পাশ করানোর উদ্যোগ কতটা সফল হয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Related Articles