অভিষেকের Z+ নিরাপত্তা কমিয়ে X ক্যাটাগরি, মামলা করে হাইকোর্টে ধাক্কা? রায়দান স্থগিত রাখল আদালত
অভিষেকের ফেসবুক পেজে প্রকাশিত একটি লাইভ সাক্ষাৎকারের ভিডিওও শুনানিতে তুলে ধরা হয়
Truth of Bengal: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা Z+ থেকে কমিয়ে X ক্যাটাগরিতে নিয়ে আসার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। বৃহস্পতিবার, ১২ নভেম্বর, সেই মামলার শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রাখল বিচারপতি কৃষ্ণ রাওয়ের একক বেঞ্চ। নিরাপত্তা সংক্রান্ত রিভিউ কমিটির সিদ্ধান্ত ও পর্যালোচনা প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন অভিষেক। অন্যদিকে, শুনানিতে অভিষেকের বিচারব্যবস্থা নিয়ে করা মন্তব্যকে কেন্দ্র করে আদালত অবমাননার প্রসঙ্গও ওঠে। এদিন শুনানির সময় রাজ্যের আইনজীবী বিল্বদল ভট্টাচার্য অভিষেকের একটি সমাজমাধ্যমের ভিডিওর প্রসঙ্গ তুলে ধরেন। তাঁর বক্তব্য, রাজনৈতিক লড়াইয়ের সঙ্গে বিচারব্যবস্থাকে জড়ানো উচিত নয়। অভিষেকের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। আদালতে রাজ্যের আইনজীবী বলেন, কোন বিচারপতি বিজেপির এবং কোন বিচারপতি তৃণমূলের, সেই তালিকা প্রকাশ করার কথা বলেছেন মামলাকারী। একজন বিচারপতির বিরুদ্ধে এ ধরনের মন্তব্য ব্যক্তিগত আক্রমণের শামিল এবং তা আদালত অবমাননার পর্যায়ে পড়তে পারে বলে দাবি করেন তিনি।
অভিষেকের ফেসবুক পেজে প্রকাশিত একটি লাইভ সাক্ষাৎকারের ভিডিওও শুনানিতে তুলে ধরা হয়। রাজ্যের আইনজীবীর বক্তব্য, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকতেই পারে, কিন্তু বিচারব্যবস্থাকে তার মধ্যে টেনে আনা অনুচিত।
অভিষেকের আইনজীবীদের বক্তব্য কী?
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী শোয়েব আলম ও অয়ন ভট্টাচার্য। তাঁদের মূল বক্তব্য, নিরাপত্তা কমানোর আগে সিকিউরিটি রিভিউ কমিটি যথাযথভাবে পরিস্থিতি পর্যালোচনা করেনি। Z+ নিরাপত্তা প্রত্যাহারের পর একাধিকবার হামলার আশঙ্কার মুখে পড়তে হয়েছে অভিষেককে বলেও আদালতে দাবি করা হয়। শুনানির সময় বিচারপতি কৃষ্ণ রাও অভিষেকের সাম্প্রতিক মন্তব্যের প্রসঙ্গ টেনে তাঁর আইনজীবীদের বলেন, আগে তাঁদের মক্কেলকে জানাতে হবে কোন বিচারপতিরা বিজেপির এবং কারা তৃণমূলের। বিচারপতির মন্তব্য, অভিষেক অত্যন্ত বুদ্ধিমান, তাই সেই তালিকাও তাঁর কাছ থেকে পাওয়া উচিত।
অভিষেকের আইনজীবীরা আদালতে জানান, আগে থেকেই তাঁর Z+ ক্যাটাগরির নিরাপত্তা ছিল। কিন্তু সেই নিরাপত্তা প্রত্যাহারের পর ছ’বার হামলার ঘটনা ঘটেছে বলে তাঁদের অভিযোগ। এমনকী, তাঁর দলীয় কার্যালয়েও হামলা চালানো হয়েছে এবং সেই সময় পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে বলে দাবি করেন তাঁরা। আইনজীবীদের বক্তব্য, পরিবার-সহ অভিষেকের নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নিরাপত্তা সংক্রান্ত রিভিউ কমিটিকে নতুন করে বৈঠক করে পরিস্থিতি পর্যালোচনা এবং নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেওয়া হোক।
রাজ্যের যুক্তি কী?
অভিষেকের আবেদনের বিরোধিতা করেছে রাজ্য সরকার। রাজ্যের আইনজীবী বিল্বদল ভট্টাচার্যের বক্তব্য, কোনও নির্দিষ্ট নিরাপত্তা ক্যাটাগরি পাওয়া কারও মৌলিক বা স্থায়ী অধিকার নয়। নির্ধারিত নিয়ম মেনেই প্রতি ছ’মাস অন্তর নিরাপত্তার বিষয়টি পর্যালোচনা করা হয়। রাজ্যের তরফে আরও জানানো হয়েছে, Z+ ক্যাটাগরির নিরাপত্তা বজায় রাখতে প্রতি মাসে প্রায় ৫০ লক্ষ টাকা খরচ হয়। আগামী নভেম্বরের শেষের দিকে অভিষেকের নিরাপত্তা নিয়ে পরবর্তী মূল্যায়ন হওয়ার কথা রয়েছে।
শুনানিতে ‘ইয়েলো বুক’-এর নিয়মের কথাও উল্লেখ করেন বিল্বদল ভট্টাচার্য। তাঁর বক্তব্য, ওই নির্দেশিকা অনুযায়ী ছ’মাস অন্তর নিরাপত্তা পর্যালোচনা করা হয়। অভিষেক বর্তমানে ইয়েলো বুকের আওতায় নিরাপত্তা পান। রাজ্যের দাবি, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী এবং জঙ্গি হামলার নির্দিষ্ট হুমকি থাকলে Z+ নিরাপত্তা দেওয়া হয়।






