কলকাতা বিমানবন্দরে হাইজ্যাক অ্যালার্ট! ওড়ার আগেই এয়ার ইন্ডিয়ার বিমানে আতঙ্ক, আইসোলেশন বে-তে নিয়ে তল্লাশি
খবর পেয়েই দ্রুত সক্রিয় হয়ে ওঠেন বিমানবন্দর কর্তৃপক্ষ ও নিরাপত্তারক্ষীরা
Truth of Bengal: কলকাতা বিমানবন্দরে ফের নিরাপত্তা ঘিরে চাঞ্চল্য! বুধবার সকালে কলকাতা থেকে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে হাইজ্যাক অ্যালার্ট ঘিরে তীব্র আতঙ্ক ছড়ায়। জানা গিয়েছে, বিমানটি ওড়ার ঠিক আগেই এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি)-কে হাইজ্যাক সংক্রান্ত সতর্কবার্তা পাঠান পাইলট। ঘটনাটি এয়ার ইন্ডিয়ার এআই ৭৭২ বিমানকে কেন্দ্র করে। খবর পেয়েই দ্রুত সক্রিয় হয়ে ওঠেন বিমানবন্দর কর্তৃপক্ষ ও নিরাপত্তারক্ষীরা।
সূত্রের খবর, সতর্কবার্তা পাওয়ার পরই নিরাপত্তার স্বার্থে বিমানটিকে নির্দিষ্ট জায়গা থেকে সরিয়ে আইসোলেশন বে-তে নিয়ে যাওয়া হয়। এরপর গোটা বিমানটি ঘিরে ফেলেন নিরাপত্তাকর্মীরা। শুরু হয় তল্লাশি ও প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা। আচমকা এই ঘটনায় বিমানবন্দর চত্বরে উদ্বেগ ছড়িয়ে পড়ে। তবে ঠিক কী কারণে পাইলট হাইজ্যাক অ্যালার্ট পাঠিয়েছিলেন, তা এখনও স্পষ্ট নয়। কোনও প্রযুক্তিগত সমস্যার কারণে ভুল সংকেত গিয়েছিল, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উল্লেখ্য, গত অক্টোবর মাসেও পর পর দু’দিন কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়িয়েছিল। বিমানের শৌচালয় থেকে উদ্ধার হয়েছিল হুমকি-চিঠি। সেখানে বোমা রাখা রয়েছে বলে উল্লেখ করা হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের হাইজ্যাক অ্যালার্ট ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হল বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে। এর পাশাপাশি, গত সেপ্টেম্বর মাসে দুবাই থেকে ইজরায়েলগামী একটি ফ্লাইদুবাই বিমানে সহ-পাইলটের বিরুদ্ধে ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ উঠেছিল। অভিযোগ, বিমানটিকে বিপজ্জনকভাবে নীচে নামানোর চেষ্টা করেছিলেন তিনি। এমনকী ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাতও করেন। ককপিটের ভিতরে দুই পাইলটের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। পরে কোনওরকমে ককপিট থেকে বেরিয়ে আসেন স্মিত। এরপর যাত্রীরা অভিযুক্ত সহ-পাইলটকে ধরে ফেলেন। পরবর্তীতে তাঁকে গ্রেফতার করা হয়।






