বুধবার থেকেই আবহাওয়ার ভোলবদল! ভাইফোঁটায় বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা
আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার রাজ্যের সর্বত্র আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।
Truth of Bengal: কালীপুজোয় বৃষ্টির দেখা না মিললেও ভাইফোঁটায় ভিজতে পারে বাংলা। বুধবার রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে মোট ৮টি জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। তবে এই বৃষ্টির পরেই কি বাংলায় শীতের আমেজ বাড়বে?
আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার রাজ্যের সর্বত্র আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। বুধবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পঙে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
বৃষ্টির পর তাপমাত্রা কমতে পারে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণ-পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় অবস্থানরত একটি ঊর্ধ্ব বায়ুমণ্ডলীয় ঘূর্ণাবর্তের প্রভাবে আবহাওয়ার এই পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই রাজ্যে শীতের হালকা আমেজ অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। তবে এখনই কনকনে শীতের সম্ভাবনা নেই। আবহাওয়াবিদদের মতে, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের আগে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা কম।






