মুম্বই পালানোর ছক, বিমানবন্দরেই পুলিশের জালে পরেশরাম! ধ*র্ষ*ণ মামলায় বড় পদক্ষেপ
প্রায় ১৭ দিন ধরে তদন্তকারীদের নাগালের বাইরে ছিলেন বিধায়ক
Truth of Bengal: ধর্ষণ মামলায় সিআইডি-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েও শেষরক্ষা হল না। অবশেষে পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস। সোমবার সন্ধ্যায় মুম্বই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দর থেকেই তাঁকে গ্রেপ্তার করল বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (SOG)। প্রায় ১৭ দিন ধরে তদন্তকারীদের নাগালের বাইরে ছিলেন বিধায়ক। পুলিশের প্রাথমিক অনুমান, তদন্ত এড়াতেই কলকাতা ছেড়ে মুম্বই পালানোর পরিকল্পনা করেছিলেন তিনি। তবে বিমানবন্দরেই তাঁর সেই পরিকল্পনায় জল ঢেলে দেয় পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ক্যানিং থানায় দায়ের হওয়া একাধিক মামলায় অভিযুক্ত পরেশরাম দাস। তাঁর বিরুদ্ধে ধর্ষণ, মারধর, প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র এবং হুমকির মতো গুরুতর অভিযোগ রয়েছে। গত ৫ সেপ্টেম্বর ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়। এরপর তদন্তের স্বার্থে দু’বার তাঁকে তলব করে সিআইডি। একবার হাজির হয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখিও হয়েছিলেন বিধায়ক। কিন্তু অক্টোবরের শেষ সপ্তাহ থেকেই আচমকা তাঁর খোঁজ মিলছিল না। ক্যানিংয়ে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে চার তৃণমূল নেতাকে গ্রেপ্তার করলেও পরেশরামের সন্ধান পায়নি পুলিশ। এরপর থেকেই তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছিলেন তদন্তকারীরা। শেষ পর্যন্ত গোপন সূত্রে খবর আসে, কলকাতা থেকে মুম্বই পালানোর চেষ্টা করছেন বিধায়ক। সেই খবর পেয়েই নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে নজরদারি শুরু করে বারুইপুর জেলা পুলিশের SOG। বিধাননগর পুলিশের সহযোগিতায় বিমানবন্দর থেকেই তাঁকে আটক করা হয়। বারুইপুর জেলা পুলিশ সুপারের সরাসরি তত্ত্বাবধানে এবং উচ্চপদস্থ আধিকারিকদের নেতৃত্বে এই অভিযান চালানো হয় বলে পুলিশ সূত্রে খবর।
গ্রেপ্তারের পর পরেশরাম দাসকে বারুইপুর জেলা পুলিশের হেফাজতে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে তাঁকে সংশ্লিষ্ট মামলাগুলি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। পুলিশের তরফে জানানো হয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মঙ্গলবার তাঁকে আদালতে পেশ করা হবে। প্রায় আড়াই সপ্তাহ ধরে অধরা থাকার পর বিমানবন্দরে বিধায়কের গ্রেপ্তারি ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চর্চা।






