রাজ্যের খবর

বারাসত-নৈহাটির কালীপুজোতে ভিড় সামলাতে বিশেষ পুলিশি ব্যবস্থা

বিশেষ করে সন্ধ্যা নামার পর থেকে গভীর রাত পর্যন্ত উপচে পড়ে দর্শনার্থীদের ভিড়

Truth of Bengal: বারাসাত ও নৈহাটির বিখ্যাত কালীপুজোকে কেন্দ্র করে দর্শনার্থীদের ঢল সামলাতে আগেভাগেই কোমর বেঁধেছে রাজ্য পুলিশ। ভিড় বাড়ার সম্ভাবনার কথা মাথায় রেখে দুই শহরেই নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটসাঁট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, পরিস্থিতি সামাল দিতে অন্যান্য জেলা থেকে ১০ জনেরও বেশি উচ্চপদস্থ পুলিশ আধিকারিককে বিশেষ দায়িত্ব দিয়ে বারাসাত ও নৈহাটিতে পাঠানো হচ্ছে। এই তালিকায় আইপিএস আধিকারিকরাও রয়েছেন।

প্রতি বছরই কালীপুজোর সময় উত্তর ২৪ পরগনার বারাসাত ও নৈহাটি হয়ে ওঠে দর্শনার্থীদের অন্যতম প্রধান আকর্ষণ। নজরকাড়া মণ্ডপ, চোখধাঁধানো আলোকসজ্জা এবং বিশালাকার প্রতিমা দেখতে শুধু উত্তর ২৪ পরগনা নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেও বহু মানুষ ভিড় জমান। বিশেষ করে সন্ধ্যা নামার পর থেকে গভীর রাত পর্যন্ত উপচে পড়ে দর্শনার্থীদের ভিড়। ফলে যান চলাচল স্বাভাবিক রাখা এবং ভিড় নিয়ন্ত্রণ করা পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এবার সেই পরিস্থিতি এড়াতেই আগাম প্রস্তুতি নিচ্ছে রাজ্য পুলিশ। সূত্রের খবর, নিরাপত্তার দায়িত্বে এসপি, ডিআইজি, আইজি এবং অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিকদের মোতায়েন করা হচ্ছে। অন্যান্য জেলা থেকে আসা অভিজ্ঞ আধিকারিকরা স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবেন।

পুজো মণ্ডপগুলির আশপাশে আইনশৃঙ্খলা বজায় রাখা, গুরুত্বপূর্ণ রাস্তায় যানজট নিয়ন্ত্রণ এবং দর্শনার্থীদের সুষ্ঠুভাবে যাতায়াত নিশ্চিত করাই পুলিশের মূল লক্ষ্য। অতিরিক্ত ভিড়ের কারণে যাতে কোথাও বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেদিকেও বিশেষ নজর রাখা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, আজ থেকেই বারাসাত ও নৈহাটিতে দর্শনার্থীদের সংখ্যা বাড়তে পারে। আগামী কয়েক দিন ভিড় আরও বাড়ার আশঙ্কা রয়েছে। তাই কোনও ঝুঁকি নিতে নারাজ প্রশাসন। স্থানীয় পুলিশের পাশাপাশি অন্যান্য জেলার উচ্চপদস্থ আধিকারিকদের নামিয়ে কালীপুজোর ভিড় সামলানোর বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে।

Related Articles