অবশেষে কাটল জট! পূর্বপল্লির মাঠেই ফিরছে ঐতিহ্যবাহী শান্তিনিকেতনের পৌষমেলা
গত বছরের মতো এবারও অনলাইনে স্টল বুকিংয়ের সুযোগ থাকছে।
Truth of Bengal: গত বছরের মতো এবারও ছ’দিন ধরে চলবে এই মেলা। তবে আয়োজনের ক্ষেত্রে থাকছে কড়া শর্ত। মেলা শেষ হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই পূর্বপল্লির মাঠকে আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে। বুধবার বিশ্বভারতী ও বীরভূম জেলা প্রশাসনের দীর্ঘ বৈঠকে মেলার স্থান, আয়োজন এবং ব্যবস্থাপনা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে ঠিক হয়েছে, আগামী ১৫ নভেম্বর থেকে শুরু হবে মেলার স্টল বুকিং। গত বছরের মতো এবারও অনলাইনে স্টল বুকিংয়ের সুযোগ থাকছে। বিশেষ গুরুত্ব দেওয়া হবে ক্ষুদ্র শিল্পী, হস্তশিল্পী এবং স্থানীয় উদ্যোগপতিদের। মেলা সংক্রান্ত যাবতীয় তথ্য পর্যটকদের কাছে পৌঁছে দিতে তৈরি করা হচ্ছে একটি নতুন ওয়েবসাইট। সেখানে মেলার আয়োজন, স্টল বুকিং-সহ প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে।
মেলার আয়োজন নির্বিঘ্ন করতে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। তবে পরিবেশ ও মাঠের স্বাভাবিক অবস্থা বজায় রাখার বিষয়েও বিশেষ জোর দেওয়া হচ্ছে। মেলা শেষ হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে সমস্ত অস্থায়ী পরিকাঠামো সরিয়ে মাঠকে পূর্বাবস্থায় ফিরিয়ে দিতে হবে। পাশাপাশি পরিচ্ছন্নতা, পানীয় জল, নিরাপত্তা এবং সামগ্রিক পরিকাঠামো ব্যবস্থাপনা নিয়েও বিশেষ পরিকল্পনা নেওয়া হচ্ছে। মাঠ পরিষ্কার রাখার দায়িত্বে থাকবে বোলপুর পুরসভা। বুধবারের এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য প্রবীরকুমার ঘোষ, কর্মসচিব বিকাশ মুখোপাধ্যায়, জেলাশাসক ধবল জৈন, বোলপুরের মহকুমাশাসক ব্রততী দত্ত, এসডিপিও অর্পিত আর পারাখ-সহ শান্তিনিকেতন ট্রাস্টের সদস্য ও প্রশাসনিক আধিকারিকরা। অনলাইনে বৈঠকে যোগ দেন জেলা পুলিশ সুপার ভিদিত রাজ ভুন্দেশ।
বৈঠক শেষে উপাচার্য প্রবীরকুমার ঘোষ জানান, এবারও ছ’দিন ধরে পৌষমেলার আয়োজন করা হবে। ঐতিহ্য বজায় রাখার পাশাপাশি পরিবেশ রক্ষা এবং পরিচ্ছন্নতার দিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে।






