রাজ্যের খবর

দিঘার সৈকত সাজাতে বড় পদক্ষেপ রাজ্য সরকারের, হকারমুক্ত হচ্ছে সমুদ্র সৈকত

সৈকতকে হকারমুক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ

Truth of Bengal: পর্যটকদের জন্য আরও সুন্দর, পরিচ্ছন্ন ও স্বাচ্ছন্দ্যের দিঘা গড়ে তুলতে বড় পদক্ষেপ রাজ্য সরকারের। এবার থেকে দিঘার সমুদ্র সৈকতে আর হকারদের ভিড় লক্ষ্য করা যাবে না। কারণ, সৈকতকে হকারমুক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। ইতিমধ্যেই মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে এই নির্দেশ। সমুদ্র সৈকত ও সৈকত সরণী এলাকায় যাঁরা এতদিন পসরা সাজিয়ে ব্যবসা করতেন, ইতিমধ্যে এই বিষয় সম্পর্কে অবগত করে দেওয়া হয়েছে তাদের।

দিন দিন দিঘায় বাড়ছে পর্যটকদের আনাগোনা। সপ্তাহান্ত থেকে শুরু করে দীর্ঘ ছুটি, সবসময়ই পর্যটকদের ভিড়ে জমজমাট থাকে এই সৈকত শহর। শুধু বাংলার নয়, ভিনরাজ্য এমনকী বিদেশ থেকেও বহু পর্যটক দিঘায় বেড়াতে আসেন। পর্যটকদের এই বাড়তি ভিড়ের কথা মাথায় রেখেই সৈকতে অবাধ যাতায়াত নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। সৈকত সরণী দিয়ে চলাফেরার ক্ষেত্রে যাতে কোনও অসুবিধা না হয়, সেই লক্ষ্যমাত্রা রেখেই এই উদ্যোগ গ্রহণ। পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক তথা দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের কার্যনির্বাহী আধিকারিক ধুমাল প্রতীক অশোক জানিয়েছেন, প্রতিদিনই দিঘায় পর্যটকের সংখ্যা বাড়ছে। সৈকত সরণী দিয়ে চলাচলে সমস্যার অভিযোগও আসছিল। তাই পর্যটকরা যাতে স্বচ্ছন্দে সমুদ্র সৈকতে ঘুরে বেড়াতে পারেন, সেই কারণেই হকারমুক্ত করার সিদ্ধান্ত।

প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পর্যটকদের পাশাপাশি দিঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সদস্যরাও। উল্লেখ্য, দিঘা ও শঙ্করপুরকে আরও আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে একাধিক উন্নয়নমূলক উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। মুম্বইয়ের ধাঁচে মেরিন ড্রাইভ তৈরি থেকে শুরু করে সৈকত শহরের পরিকাঠামো উন্নয়ন, একাধিক পরিকল্পনা বাস্তবায়নের পথে। সেই উদ্যোগেরই আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ সৈকতকে হকারমুক্ত রাখার সিদ্ধান্ত। লক্ষ্য একটাই, পর্যটকদের জন্য আরও পরিচ্ছন্ন, সুন্দর ও পর্যটকবান্ধব দিঘা গড়ে তোলা।