কলকাতারাজ্যের খবর

কালীপুজোয় বাজি পোড়ানোর সময় বেঁধে দিল প্রশাসন, ফানুস ওড়াতে লাগবে লাইসেন্স

এবার ফানুস ও এয়ার বেলুন ওড়ানোর ক্ষেত্রেও নিয়ম মানতে হবে

জ্যোতির্ময় দত্ত, নবান্ন: কালীপুজো, দীপাবলি ও ছটপুজোয় দূষণ নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনা এড়াতে কড়া বিধিনিষেধ জারি রাখছে রাজ্য সরকার। সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে বাজি পোড়ানোর সময়সীমা নির্দিষ্ট করার পাশাপাশি নিষিদ্ধ বাজির বিক্রি ও ব্যবহার রুখতে নজরদারি বাড়ানো হচ্ছে। একই সঙ্গে প্রশাসনের স্পষ্ট বার্তা, অনুমতি ছাড়া ফানুস বা এয়ার বেলুন ওড়ানো যাবে না।

বৃহস্পতিবার নবান্নে স্বরাষ্ট্র, পরিবেশ, পুলিশ, দমকল ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিকদের যৌথ সাংবাদিক বৈঠকে উৎসবের নিরাপত্তা ও দূষণ নিয়ন্ত্রণের পরিকল্পনা জানানো হয়। স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ জানান, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের অনুমোদিত সবুজ বাজি ছাড়া অন্য কোনও বাজি ব্যবহার করা যাবে না। নির্দেশ অনুযায়ী, দীপাবলিতে রাত ৮টা থেকে ১০টা এবং ছটপুজোয় ভোর ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত বাজি পোড়ানো যাবে।

ফানুসে দুর্ঘটনা রুখতে কড়া নজরদারি

উৎসবের আনন্দে ফানুস ও এয়ার বেলুন ওড়ানোর প্রবণতা থেকে দুর্ঘটনার আশঙ্কা থাকায় এ ক্ষেত্রে বিশেষ সতর্কতা নিচ্ছে প্রশাসন। রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্ত জানান, নির্দিষ্ট নিয়ম ও অনুমতি ছাড়া ফানুস ওড়ানো চলবে না। নিরাপত্তার স্বার্থে পুলিশ নজরদারি চালাবে।

বাজির বাজার বসানোর ক্ষেত্রেও নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পুরসভা, কর্পোরেশন ও পুলিশের চিহ্নিত নিরাপদ খোলা জায়গায় বাজির বাজার বসবে। সেখানে দমকলের ইঞ্জিন ও অ্যাম্বুল্যান্স রাখার ব্যবস্থাও থাকবে। সবুজ বাজির ক্ষেত্রে শব্দের মাত্রা নির্ধারিত সীমার মধ্যে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সাইলেন্স জোনে বাজি পোড়ালেই ব্যবস্থা

হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান-সহ নির্ধারিত সাইলেন্স জোনের ১০০ মিটারের মধ্যে বাজি পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। বিধি ভাঙলে কড়া পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে প্রশাসন। পরিস্থিতির উপর নজর রাখতে কন্ট্রোল রুম, বিশেষ পুলিশ টহল এবং জেলাভিত্তিক পর্যবেক্ষণ ব্যবস্থা সক্রিয় রাখা হবে।

বৈধ বাজি চেনার ক্ষেত্রেও সাধারণ মানুষকে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের অনুমোদিত সবুজ বাজির প্যাকেটে থাকা কিউআর কোড স্ক্যান করে তার বৈধতা যাচাই করা যাবে। বহুতল আবাসনে বাজি পোড়ানোর ক্ষেত্রেও বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বড়বাজারে ১১০ কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার

বিধিনিষেধ কার্যকর করতে ইতিমধ্যেই অভিযানে নেমেছে পুলিশ। কলকাতার বড়বাজার এলাকা থেকে ১১০ কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ, পরিবেশ দপ্তরের সচিব সৌমিত্র গুপ্ত, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্ত, কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ, দমকলের ডিজি মনোজ শর্মা, দমকল দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব খলিল আহমেদ এবং দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সদস্য-সচিব অশোক সিং।

উৎসবের আনন্দ যাতে দূষণ, শব্দদূষণ ও অগ্নিকাণ্ডের কারণ না হয়ে ওঠে, সেই লক্ষ্যেই এ বার বিধিনিষেধ কার্যকর করতে তৎপর প্রশাসন।