SRFTI-তে তুমুল ধুন্ধুমার! অনুষ্ঠান ঘিরে পড়ুয়া-আয়োজক সংঘর্ষ
পরিস্থিতি সামাল দিতে ক্যাম্পাসে মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী।
Truth of Bengal: অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের একটি অনুষ্ঠান ঘিরে রবিবার উত্তপ্ত হয়ে উঠল সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (SRFTI)। পড়ুয়াদের একাংশ এবং অনুষ্ঠানের আয়োজকদের মধ্যে প্রথমে বচসা, পরে হাতাহাতির অভিযোগ ওঠে। পরিস্থিতি সামাল দিতে ক্যাম্পাসে মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী।
পড়ুয়াদের দাবি, বাইরের একটি সংগঠন ক্যাম্পাসে অনুষ্ঠান করায় তাঁরা আপত্তি জানিয়েছিলেন। তাঁদের অভিযোগ, প্রতিবাদের সময় কয়েকজন আয়োজক তাঁদের ‘বাংলাদেশি’, ‘নকশাল’ ও ‘জঙ্গি’ বলে কটাক্ষ করেন এবং মারধর করেন। অন্যদিকে আয়োজকদের দাবি, তাঁরা নিয়ম মেনে অডিটোরিয়াম ভাড়া নিয়েছিলেন এবং পড়ুয়াদের একাংশ তাঁদের পোস্টার-ব্যানার ছিঁড়ে অনুষ্ঠান বন্ধ করার চেষ্টা করে। অর্থাৎ সংঘর্ষের কারণ ও দায় নিয়ে দুই পক্ষের বক্তব্য পরস্পরবিরোধী।
অশান্তির পর ক্যাম্পাসের গেট বন্ধ করে অবস্থান শুরু করেন কয়েকজন পড়ুয়া। পরে পুলিশের উপস্থিতিতে আয়োজকদের বাস ক্যাম্পাস থেকে বের করা হয়। বাস বেরোনোর সময়ও নতুন করে উত্তেজনা ও পাথর ছোড়ার অভিযোগ ওঠে। ঘটনার পর SRFTI চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।


