ঘণ্টায় ৭৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া! ২ ঘন্টার মধ্যেই লণ্ডভণ্ড হতে চলেছে একাধিক জেলা!
কোন কোন জেলায় নামবে ভারী বিপর্যয়?
Truth of Bengal: অতি গভীর নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবারও বৃষ্টির দাপট থাকবে পশ্চিমবঙ্গজুড়ে। উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের উপর থাকা গভীর নিম্নচাপটি বুধবার গভীর রাতে কলিঙ্গপত্তনমের দক্ষিণ-পশ্চিম দিক দিয়ে উপকূল অতিক্রম করেছে। স্থলভাগে ঢোকার সময় ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৫৫ থেকে ৬৫ কিলোমিটার ছিল, দমকা হাওয়া সর্বোচ্চ ৭৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছয়। আবহাওয়া দপ্তর জানিয়েছে, স্থলভাগে প্রবেশের পরেও সিস্টেমটি কিছু সময় অতি গভীর নিম্নচাপের শক্তি বজায় রাখবে। এরপর ধীরে ধীরে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আগামী ২৪ ঘণ্টায় শক্তি হারাতে শুরু করবে।
এর প্রভাবেই বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কয়েকটি এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, হাওড়া ও কলকাতার কিছু জায়গাতেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। উপকূলবর্তী দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুতের সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
উত্তরবঙ্গেও বৃষ্টি থেকে এখনই রেহাই নেই। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কয়েকটি এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালিম্পং, কোচবিহার ও উত্তর দিনাজপুরেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকতে পারে। ফলে পুজোর মুখে দক্ষিণ থেকে উত্তর—দুই বঙ্গেই আপাতত ছাতা হাতে রাখার পরামর্শ দিচ্ছে আবহাওয়া দপ্তর।

