রাজ্যের খবর
রেজিনগর ভোটের আগে বড় চাঞ্চল্য! জালনোট-অস্ত্র-সহ ধৃত হুমায়ুনের দলের নেতা
শুক্রবার গভীর রাতে নাকা চেকিংয়ের সময় একটি স্করপিও গাড়ি আটকায় পুলিশ।
Truth of Bengal: রেজিনগর উপনির্বাচনের আগে মুর্শিদাবাদের হরিহরপাড়ায় জালনোট ও বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেফতার হলেন আম জনতা উন্নয়ন পার্টির রাজ্য সম্পাদক আশিক ইকবাল। শুক্রবার গভীর রাতে নাকা চেকিংয়ের সময় একটি স্করপিও গাড়ি আটকায় পুলিশ। গাড়িতে আশিকের সঙ্গে আরও এক ব্যক্তি ছিলেন।
পুলিশ সূত্রের দাবি, গাড়িতে তল্লাশি চালিয়ে ৫০০ টাকার ১০৮টি জালনোট, দুটি আগ্নেয়াস্ত্র এবং চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এরপর আশিক ইকবাল এবং তাঁর সঙ্গে থাকা ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
শনিবার ধৃতদের আদালতে পেশ করে পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে। উদ্ধার হওয়া জালনোট ও অস্ত্র কোথা থেকে এসেছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ভোটের সঙ্গে এর কোনও যোগ ছিল কি না, তা এখনও তদন্তসাপেক্ষ।






