কলকাতারাজ্যের খবর

কোথায় ‘বাংলার মুখ’? বাংলার পর্যটন বিজ্ঞাপন ঘিরে উঠছে প্রশ্ন

রাজ্যের পর্যটন পরিকাঠামো উন্নয়নে নতুন বিজেপি সরকার ৫০০ কোটি টাকা খরচের পরিকল্পনা করেছে।

Truth of Bengal: ‘বাংলার মুখ’ দেখেই বিশ্বদর্শনের স্বাদ পেয়েছিলেন কবি জীবনানন্দ দাশ। অথচ পশ্চিমবঙ্গের পর্যটনকে তুলে ধরতে রাজ্য সরকারের প্রকাশিত নতুন বিজ্ঞাপনী ভিডিওয় বাংলার বদলে দেখা গেল রোম, প্যারিস, লন্ডন, মিশর থেকে ব্রাজিলের একের পর এক বিশ্ববিখ্যাত পর্যটনস্থল। ভিডিওটি প্রকাশ্যে আসতেই সোশাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র সমালোচনা।

শুক্রবার পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তরের তরফে প্রায় এক মিনিটের ‘West Bengal: Where India Feels Different’ শীর্ষক ভিডিওটি প্রকাশ করা হয়। ভিডিওর শুরুতেই দেখা যায় রোমের সেন্ট পিটার্স ব্যাসিলিকা। এরপর মিশরের পিরামিড, ব্রাজিলের ক্রাইস্ট দ্য রিডিমার, প্যারিসের আইফেল টাওয়ার এবং লন্ডন আইয়ের মতো একাধিক বিদেশি দর্শনীয় স্থানের ছবি। বাংলার পরিচিত নিদর্শন হিসেবে মূলত জায়গা পেয়েছে হাওড়া ব্রিজ।

এতেই উঠেছে প্রশ্ন—ভিক্টোরিয়া মেমোরিয়াল, দার্জিলিংয়ের টয় ট্রেন, বিষ্ণুপুরের টেরাকোটা মন্দির কিংবা সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য কোথায়? বাংলার পর্যটনের প্রচারে বিদেশের ছবি কেন ব্যবহার করা হল, তা নিয়েই সরব নেটদুনিয়া।

রাজ্যের পর্যটন পরিকাঠামো উন্নয়নে নতুন বিজেপি সরকার ৫০০ কোটি টাকা খরচের পরিকল্পনা করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, দার্জিলিং-কালিম্পং থেকে সুন্দরবন—রাজ্যের পর্যটন পরিকাঠামো নতুন করে গড়ে তোলার লক্ষ্যে কাজ শুরু হয়েছে।

তবে সরকারের পর্যটন প্রচারের ভিডিও নিয়েই অস্বস্তি তৈরি হয়েছে। বিজেপির প্রবীণ নেতা তথাগত রায় ভিডিওটির তীব্র সমালোচনা করে সেটি সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। তাঁর প্রশ্ন, পশ্চিমবঙ্গের পর্যটন ভিডিওয় মস্কো, মিশর, রিও ডি জেনেইরো কিংবা লন্ডনের ছবি কেন থাকবে?

তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনও কটাক্ষ করে লিখেছেন, ‘ট্র্যাশ বললেও কম বলা হয়!’ সোশাল মিডিয়ায় অনেকেই প্রশ্ন তুলেছেন, বাংলার নিজস্ব পর্যটন সম্পদ থাকতে বিদেশের দর্শনীয় স্থান দেখানোর প্রয়োজন কী ছিল। পর্যটন দপ্তরের সংশ্লিষ্ট মন্ত্রীর তরফে অবশ্য এখনও এই বিতর্ক নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Related Articles