রবিবারও বৃষ্টির দাপট, তিন জেলায় অতি ভারী বর্ষণের কমলা সতর্কতা
দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় রবিবার থেকে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় রবিবার থেকে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Truth of Bengal: শনিবার থেকেই রাজ্যে শুরু হয়েছে বৃষ্টির দাপট। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রবিবারের পাশাপাশি সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূলবর্তী এবং ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির তীব্রতা আরও বেশি হতে পারে। কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির আশঙ্কায় সতর্কতাও জারি করা হয়েছে।
দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় রবিবার থেকে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে রবিবার অতি ভারী বৃষ্টির আশঙ্কায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। উপকূলবর্তী এলাকাগুলিতেও পরিস্থিতির উপর বিশেষ নজর রাখা হচ্ছে।
কলকাতাতেও সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহরের আকাশ মূলত মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি রবিবার দু-এক পশলা ভারী বৃষ্টিও হতে পারে। ফলে ছুটির দিনে বাইরে বেরোনোর পরিকল্পনা থাকলে আবহাওয়ার পরিস্থিতির দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার থেকে সেখানে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।
এদিকে শনিবার কলকাতা এবং সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.০৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.০১ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.০২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ০.০৬ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ৬৬ শতাংশ।
রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। দিনভর মেঘলা আকাশের পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সোমবার পর্যন্ত রাজ্যের বিস্তীর্ণ অংশে বৃষ্টির এই পরিস্থিতি বজায় থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।





