দেশ

মন্ত্রীদের সরকারি বাংলো সংস্কারে খরচ ৯২ কোটি, প্রকাশ্যে আরটিআই রিপোর্ট

২০২৫-২৬ অর্থবর্ষে এই খাতে ব্যয়ের পরিমাণ পৌঁছেছে ৯২.৩৫ কোটি টাকায়।

Truth Of Bengal: নয়াদিল্লির লুটিয়েনস জোনে কেন্দ্রীয় মন্ত্রীদের সরকারি বাসভবনের মেরামত, সংস্কার ও সাজসজ্জার পিছনে বিপুল অর্থ খরচ হয়েছে। ২০২৫-২৬ অর্থবর্ষে এই খাতে ব্যয়ের পরিমাণ পৌঁছেছে ৯২.৩৫ কোটি টাকায়। ২০১৪-১৫ অর্থবর্ষের তুলনায় এই খরচ তিন গুণেরও বেশি। পিটিআই-এর করা একটি আরটিআই-এর মাধ্যমে এই তথ্য প্রকাশ্যে এসেছে।

কেন্দ্রীয় পূর্ত বিভাগ বা সিপিডব্লিউডি-র মাধ্যমে ২০১৪-১৫ থেকে ২০২৫-২৬ অর্থবর্ষ পর্যন্ত মন্ত্রীদের সরকারি বাসভবনগুলির রক্ষণাবেক্ষণ, মেরামত ও আধুনিকীকরণে মোট ৫৪৭.৬৮ কোটি টাকা খরচ হয়েছে। এর মধ্যে গত অর্থবর্ষের খরচই এখনও পর্যন্ত সর্বোচ্চ।

প্রশাসনিক আধিকারিকদের বক্তব্য, লুটিয়েনস জোনের অধিকাংশ সরকারি বাংলোই প্রায় ৮০ থেকে ১০০ বছরের পুরোনো। ফলে নিয়মিত রক্ষণাবেক্ষণের পাশাপাশি জল চুঁইয়ে পড়া, উইপোকার সমস্যা, বিদ্যুৎ সংযোগ এবং প্লাম্বিং ব্যবস্থার ক্ষয়ক্ষতি সারাতেও বিপুল অর্থ প্রয়োজন হয়। একই সঙ্গে মুদ্রাস্ফীতি এবং নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধির কারণে গত কয়েক বছরে রক্ষণাবেক্ষণের খরচও বেড়েছে।

তথ্য অনুযায়ী, ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত মন্ত্রীদের সরকারি বাসভবনের মেরামত ও আধুনিকীকরণে বছরে গড়ে ২৬.৭৮ কোটি টাকা খরচ হয়েছিল। ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সেই গড় বার্ষিক ব্যয় বেড়ে প্রায় ৫০ কোটি টাকায় পৌঁছয়। ২০২৪-২৫ অর্থবর্ষে খরচ হয়েছিল ৭১.৯৮ কোটি টাকা। আর ২০২৫-২৬ সালে সেই অঙ্ক এক লাফে বেড়ে হয়েছে ৯২.৩৫ কোটি টাকা।

এক প্রশাসনিক আধিকারিক জানিয়েছেন, অতীতে কয়েকটি পুরোনো বাংলো ভেঙে নতুন করে তৈরির পরিকল্পনাও করা হয়েছিল। যদিও সেই পরিকল্পনা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়নি। তাঁর বক্তব্য, কয়েকটি বাড়ি কাঠামোগত ভাবে দুর্বল হয়ে পড়েছিল এবং সেগুলির আধুনিকীকরণের প্রয়োজন ছিল।

ঐতিহাসিক ভাবে লুটিয়েনস জোনের এই বাংলোগুলির গুরুত্বও যথেষ্ট। ব্রিটিশ সাম্রাজ্যের রাজধানী হিসেবে নতুন দিল্লি গড়ে তোলার সময় ১৯১২ থেকে ১৯৩০ সালের মধ্যে এই এলাকাটি তৈরি করা হয়। স্বাধীনতার পর সরকারি উচ্চপদস্থ আধিকারিক এবং মন্ত্রীদের বাসভবন হিসেবে বাংলোগুলি ব্যবহার করা শুরু হয়।

বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রিসভায় সাধারণত ৭০ থেকে ৭২ জন ক্যাবিনেট মন্ত্রী ও প্রতিমন্ত্রী থাকেন। সেই হিসাব ধরলে ২০২৫-২৬ অর্থবর্ষে সরকারি বাসভবনগুলির মেরামত ও সংস্কারে গড়ে প্রত্যেক মন্ত্রীর জন্য প্রায় ১.২০ কোটি টাকা করে খরচ হয়েছে। ফলে সরকারি আবাসন রক্ষণাবেক্ষণে ক্রমবর্ধমান এই ব্যয় নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

 

Related Articles