দেশ

রাখিতে মহিলাদের বড় উপহার যোগীর! সরকারি বাসে মিলবে বিনামূল্যে সফর

শনিবার নিজের সরকারি বাসভবনে রাজ্যের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন যোগী আদিত্যনাথ।

Truth of Bengal: রাখিবন্ধন উপলক্ষে উত্তরপ্রদেশের মহিলাদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উৎসবের সময় সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুযোগ পাবেন মহিলা যাত্রীরা। তাঁদের সঙ্গে থাকা একজন সহযাত্রীরও ভাড়া লাগবে না বলে জানানো হয়েছে। এই বিশেষ সুবিধা ২৭ আগস্ট রাত থেকে ২৮ আগস্ট রাত পর্যন্ত কার্যকর থাকবে।

শনিবার নিজের সরকারি বাসভবনে রাজ্যের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন যোগী আদিত্যনাথ। সেখানেই রাখিবন্ধনের সময় মহিলাদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে পরিবহণ বিভাগ এবং পুলিশ-প্রশাসনকে যৌথভাবে কাজ করার নির্দেশ দেন তিনি।

রাজ্য সরকারের বক্তব্য, উৎসবের সময় বাড়ি ফেরার পথে মহিলাদের যাতে কোনও ধরনের ভোগান্তি বা নিরাপত্তাজনিত সমস্যার মুখে পড়তে না হয়, সে জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। নারী নিরাপত্তার স্বার্থে ‘অ্যান্টি-রোমিও স্কোয়াড’-কেও সক্রিয় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ণ সড়কগুলিতে যান চলাচল স্বাভাবিক রাখতেও বিশেষ নজর দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, কোনও সরকারি বাসচালক যাতে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি না চালান, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।

বেসরকারি বাসচালকদের তথ্য যাচাইয়ের পাশাপাশি অটোরিকশা ও ট্যাক্সিচালকদের পরিচয় ও অন্যান্য তথ্যও পরীক্ষা করতে বলা হয়েছে। মহিলা যাত্রীদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পরিবহণ দপ্তর ও পুলিশকে সমন্বয় বজায় রেখে কাজ করার নির্দেশ দিয়েছেন যোগী।

Related Articles