‘বন্দেমাতরম’ বিরোধীদের কড়া আক্রমণ সুকান্ত-র
তিরঙ্গা যাত্রা থেকে সুকান্ত বলেন, জাতীয়তাবাদের মূল ভিত্তি ছিল ‘বন্দেমাতরম’।
রাকেশ চক্রবর্তী, হুগলি: ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিকে সামনে রেখে শুক্রবার হুগলির সপ্তগ্রাম বিধানসভার ত্রিবেণী বাসস্ট্যান্ড থেকে মগরা স্টেশন পর্যন্ত তিরঙ্গা যাত্রায় অংশ নিলেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সেখান থেকেই একাধিক বিষয়ে রাজ্য ও বিরোধীদের নিশানা করেন তিনি। ‘বন্দেমাতরম’ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বিতর্কিত মন্তব্যও করেন সুকান্ত।
তিরঙ্গা যাত্রা থেকে সুকান্ত বলেন, জাতীয়তাবাদের মূল ভিত্তি ছিল ‘বন্দেমাতরম’। তাঁর দাবি, বর্তমান সরকার সম্পূর্ণ ‘বন্দেমাতরম’ গাওয়ার ব্যবস্থা করেছে। এরপরই তিনি প্রশ্ন তোলেন, স্বাধীনতা সংগ্রামের সময় যে গান গাইতে কারও অসুবিধা হয়নি, এখন কেন আপত্তি থাকবে? যাঁরা ‘বন্দেমাতরম’ গাওয়ার বিরোধিতা করছেন, তাঁদের উদ্দেশে তিনি বলেন, ‘ডিএনএ টেস্ট করে দেখুন, ডিএনএটা হয়তো ভারতের নয়।’
ভারতবিরোধী শক্তির প্রসঙ্গ টেনে সুকান্ত আরও বলেন, দেশের ভিতরে থেকে দেশের খেয়ে কেউ যদি দেশকে দ্বিখণ্ডিত করতে চায় বা দেশের মূল সংস্কৃতি বদলাতে চায়, তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। ভারতীয় জনতা পার্টি যতদিন রয়েছে, ততদিন এই ধরনের কাজ হতে দেওয়া হবে না বলেও দাবি করেন তিনি।
সেইসঙ্গে অনন্ত মহারাজের একটি মন্তব্যের প্রসঙ্গে সুকান্ত বলেন, তিনি ক্ষমা চেয়েছেন, সেটি ভাল কথা। তবে নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো যিনি দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন, তাঁর সম্পর্কে কোনও কুরুচিকর মন্তব্য করার আগে সবাইকে দশ বার ভাবা উচিত বলে মন্তব্য করেন তিনি।
এনআরএস হাসপাতালে নার্সের মৃত্যুর ঘটনাতেও প্রতিক্রিয়া জানান সুকান্ত। তাঁর বক্তব্য, মুখ্যমন্ত্রী তদন্ত কমিটি গঠন করেছেন। তদন্তে যদি কোনও অপরাধের প্রমাণ পাওয়া যায় এবং ঘটনায় কেউ যুক্ত থাকেন, তা হলে প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনও অপরাধ হয়ে থাকলে তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হবে না বলেও জানান তিনি। ‘এক দেশ, এক শিক্ষা’ প্রসঙ্গে তাঁর বক্তব্য, দেশের সব রাজ্য একমত হলেই এই ব্যবস্থা কার্যকর করা সম্ভব। তাঁর মতে, বিজ্ঞান ও অঙ্কের মতো বিষয়গুলির পাঠ্যক্রম এক হতে পারে, কিন্তু ইতিহাস ও ভূগোলের মতো বিষয় রাজ্যভিত্তিক হতে পারে। একই পাঠ্যক্রম না থাকলে সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় কোনও কোনও রাজ্যের পড়ুয়ারা পিছিয়ে পড়তে পারেন বলেও মন্তব্য করেন তিনি।






