‘তরুণরাই দেশগঠনের মূল ভিত্তি’, মাইসুরুর শ্রীরামকৃষ্ণ আশ্রমের মঞ্চ থেকে বার্তা প্রধানমন্ত্রীর
উৎপাদন শিল্প থেকে শুরু করে অর্থনৈতিক সমৃদ্ধি এবং মহাকাশ গবেষণার মতো বৈপ্লবিক ক্ষেত্রে তরুণদের অভূতপূর্ব অবদানের কথা তুলে ধরার পাশাপাশি তিনি দেশের শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক ও যুগোপযোগী করার ওপর জোর দেন।
Truth of Bengal: দেশের প্রগতির মূল চালিকাশক্তি হিসেবে নতুন প্রজন্ম ও তরুণ সমাজকেই সামনে রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার মাইসুরুর শ্রীরামকৃষ্ণ আশ্রমে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “ভারতবর্ষের অগ্রগতির পেছনে মূল ভিত্তি হলো আমাদের যুবশক্তি।” উৎপাদন শিল্প থেকে শুরু করে অর্থনৈতিক সমৃদ্ধি এবং মহাকাশ গবেষণার মতো বৈপ্লবিক ক্ষেত্রে তরুণদের অভূতপূর্ব অবদানের কথা তুলে ধরার পাশাপাশি তিনি দেশের শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক ও যুগোপযোগী করার ওপর জোর দেন।
প্রধানমন্ত্রী যখন তরুণের উন্নয়ন ভাবনা তুলে ধরছেন, ঠিক তখনই তাঁর সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য করে বিতর্কে জড়ানো ১৫ বছরের এক নাবালিকা প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেছে। এক ভিডিও বার্তায় হাতজোড় করে সে জানায়, আন্দোলনের সময় কিছু মানুষের প্ররোচনায় বিভ্রান্ত হয়ে সে এমন ভুল করে ফেলেছিল। সে লজ্জিত ও অনুতপ্ত প্রকাশ করে বলে, “আমি গোটা দেশের কাছে ক্ষমা চাইছি। এটা আমার জীবনের প্রথম ও শেষ ভুল। আমাকে দয়া করে মার্জনা করুন।”
এর আগে শুক্রবার রাতে ছাত্র ও যুব সমাজের উদ্দেশে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী মোদিও তাঁর বিরুদ্ধে করা কটূক্তির বিষয়টি উল্লেখ করেন। তিনি স্মরণ করিয়ে দেন যে, প্ররোচনা ও ভুল পথপ্রদর্শনের কারণে অনেক সময় বিভ্রান্তির সৃষ্টি হয়, তবে জীবন সবাইকে ভুল শুধরে নেওয়ার সুযোগ দেয়। তিনি স্পষ্টভাবে জানান, রাগ-ক্ষোভের মাঝে বিভ্রান্ত তরুণদের শাস্তি দেওয়া বা দূরে ঠেলে দেওয়ার মধ্যে কোনো সমাধান নেই; বরং তাঁদের ভালোবেসে সঠিক পথ দেখানো এবং জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনাই আমাদের প্রধান দায়িত্ব।






