একা দাঁড়িয়েই রুখে দিলেন পুলিশের প্রিজন ভ্যান! ভাইরাল ভিডিওর এই ‘দুঃসাহসী’ তরুণী কে?
“বন্দিদের ছাড়তে হবে!”, মুম্বইয়ের রাস্তায় পুলিশের গাড়ি আটকে শোরগোল ফেললেন ২৭ বছরের তরুণী
Truth of Bengal: মাথা ঢাকা সাদা হুডি, চোখে-মুখে চরম ক্ষোভ আর সামনে দাঁড়িয়ে বিশাল এক বিদায়ী প্রিজন ভ্যান। ভেতরে গাদাগাদি করে আটক করা আন্দোলনকারী পড়ুয়ারা। পুলিশের সেই গাড়ি আটকে একাই রুখে দাঁড়ালেন ২৭ বছরের এক তরুণী! তাঁর একার সাহসিকতার দৌলতেই কার্যত পিছু হটতে বাধ্য হল পুলিশ এবং মুক্ত করা হল আটক বিক্ষোভকারীদের। মুম্বাইয়ের রাস্তায় ঘটে যাওয়া এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন উদ্ধব শিবসেনা গোষ্ঠীর সাংসদ সঞ্জয় রাউত। তারপর থেকেই দেশজুড়ে প্রশ্ন উঠছে, কে এই সাহসী তরুণী?
খোঁজ নিয়ে জানা গিয়েছে, নেটদুনিয়ায় ঝড় তোলা এই তরুণীর নাম রিয়া আহির। পেশায় তিনি একজন মডেল ও অভিনেত্রী, যার ইনস্টাগ্রামে অনুগামী সংখ্যা লক্ষাধিক। সেনা পরিবারের সন্তান রিয়ার বাবা ছিলেন আইটিবিপির (ITBP) কর্মী এবং পরিবারের অনেকেই দেশের সুরক্ষায় যুক্ত। কোনও রাজনৈতিক দল বা আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত না থাকলেও, অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠেছেন তিনি।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে রিয়া বলেন, “আমি দেখলাম ভ্যানের ভেতরে গাদাগাদি করে মানুষকে বন্দি করা হয়েছে। এমনকি একটা মেয়েকে টেনে বের করার চেষ্টা করতেই পুলিশ আমাকে বাধা দেয়। এরপর বাধ্য হয়েই আমি সোজা ভ্যানটির সামনে দাঁড়িয়ে পড়ি এবং তাঁদের মুক্তির দাবি জানাই।” রিয়ার দেখাদেখি অন্যান্য আন্দোলনকারীরাও গাড়ির সামনে দাঁড়িয়ে পড়েন। দীর্ঘক্ষণ পুলিশের সাথে তর্ক ও বোঝাপড়ার পর অবশেষে বন্দিদের ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ প্রশাসন।
অন্যদিকে, নিট (NEET) পরীক্ষা বিতর্ক ও অন্যান্য দাবিতে ককরোচ জনতা পার্টির (CJP) সংসদ অভিযানকে ঘিরে দিল্লির পরিস্থিতি চরম উত্তপ্ত। ১৬৩ ধারা অমান্য করে ‘আরশোলাদের’ এই আন্দোলন দমাতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস প্রয়োগ করেছে দিল্লি পুলিশ। যন্তর মন্তর চত্বর কার্যত দুর্গ গড়ে প্রায় ৫,০০০ পুলিশ ও আধা সেনা মোতায়েন করা হয়েছে। কিন্তু রাজধানীর গণ্ডি পেরিয়ে আন্দোলনের সেই রেশ এবার পৌঁছে গেছে বাণিজ্যনগরী মুম্বাই থেকে দেশের অন্যান্য প্রান্তে।






