কলকাতারাজ্যের খবর

আপাতত কমল নিম্নচাপের দাপট, আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া? বড় আপডেট হাওয়া অফিসের

উত্তরবঙ্গে এখনও দুর্যোগের আশঙ্কা বজায় রয়েছে।

Truth of Bengal: বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে গত কয়েক দিন ধরে রাজ্যের নানা প্রান্তে বৃষ্টির দেখা মিলেছিল। তবে মঙ্গলবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে। বৃষ্টির পরিমাণ যেমন কমেছে, তেমনই কমেছে তার দাপটও। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। আকাশ মেঘলা থাকলেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত ভারী বৃষ্টির আশঙ্কা নেই।

মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। বুধবারও শহরের আকাশ মূলত মেঘে ঢাকা থাকতে পারে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ঝোড়ো হাওয়া বা ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত কম বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। যদিও দক্ষিণবঙ্গে এই স্বস্তি খুব বেশি দিন স্থায়ী নাও হতে পারে। বৃহস্পতিবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির তীব্রতা তুলনামূলক বেশি থাকতে পারে।

অন্যদিকে উত্তরবঙ্গে এখনও দুর্যোগের আশঙ্কা বজায় রয়েছে। বুধবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। পাহাড়ি জেলা ছাড়াও মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতরের আশঙ্কা, বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলায় টানা বৃষ্টি চলতে পারে। এর ফলে পাহাড়ি এলাকায় ধস নামার ঝুঁকি রয়েছে। পাশাপাশি নদীর জলস্তর বাড়তে পারে এবং নিচু এলাকা জলমগ্ন হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই উত্তরবঙ্গের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Related Articles