সওয়া ৩ ঘণ্টা ম্যারাথন জেরা, সম্পূর্ণ ভিডিওগ্রাফি! থানা থেকে বেরিয়ে এবার কোথায় যাচ্ছেন অরূপ বিশ্বাস?
দীর্ঘদিন তাঁর অবস্থান নিয়েও ধোঁয়াশা ছিল
Truth of Bengal: মেসি কাণ্ডে অবশেষে তদন্তকারীদের মুখোমুখি হলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। বৃহস্পতিবার বিধাননগর দক্ষিণ থানায় তাঁকে প্রায় সওয়া তিন ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের সম্পূর্ণ প্রক্রিয়া ভিডিওগ্রাফি করা হয়েছে বলে জানা গিয়েছে। থানার তরফে তাঁকে ফের ২২ জুন হাজিরা দিতে বলা হয়েছে। এদিন সকাল ৯টা ৫৫ মিনিট নাগাদ বিধাননগর দক্ষিণ থানায় পৌঁছন অরূপ বিশ্বাস। এর আগে এই মামলায় তিনবার হাজিরা এড়িয়েছিলেন তিনি। ফলে তাঁকে ঘিরে গ্রেপ্তারির জল্পনাও তৈরি হয়েছিল। দীর্ঘদিন তাঁর অবস্থান নিয়েও ধোঁয়াশা ছিল। সেই পরিস্থিতিতে বৃহস্পতিবার সকালে হঠাৎই থানায় হাজিরা দেন প্রাক্তন মন্ত্রী।
বুধবার রাতেই মেসির ভারত সফরের উদ্যোক্তা শতদ্রু দত্ত সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিত দিয়েছিলেন, অরূপ বিশ্বাস থানায় হাজিরা দিতে পারেন। সেই মতো বৃহস্পতিবার সকাল থেকেই বিধাননগর দক্ষিণ থানার সামনে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। তারপরই গোপন আস্তানা থেকে বেরিয়ে তদন্তকারীদের সামনে হাজির হন অরূপ। গত ডিসেম্বরের মেসি সফর ঘিরে বিশৃঙ্খলার পর থেকেই বিতর্কে জড়িয়েছেন তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। রাজ্যে পালাবদলের পর মেসির ভারত সফরের উদ্যোক্তা শতদ্রু দত্ত তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে দাবি করা হয়, মেসি সফরের জন্য প্রায় ৭০ হাজার টিকিট ছাপানো হয়েছিল। তার মধ্যে জোর করে ২২ হাজার টিকিট অরূপ বিশ্বাস নিজের দখলে নিয়েছিলেন এবং সেগুলি অন্যত্র বিক্রি করা হয়েছিল বলেও অভিযোগ ওঠে।
শুধু টিকিট নয়, মেসির নিরাপত্তা প্রোটোকল মানা নিয়েও অরূপের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। অভিযোগ, নির্ধারিত নিয়ম ভেঙে তিনি মেসির খুব কাছাকাছি পৌঁছে যান এবং নিরাপত্তা ব্যবস্থায় বিশৃঙ্খলা তৈরি হয়। এই সব অভিযোগ নিয়েই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিস পাঠিয়েছিল পুলিশ। একবার নয়, তিনবার নোটিস পাঠানো হলেও অরূপ বিশ্বাস হাজিরা এড়িয়ে যান। যদিও এই মামলায় তিনি ইতিমধ্যেই হাই কোর্ট থেকে রক্ষাকবচ পেয়েছেন। আদালত জানিয়েছে, আগামী ১৭ অগস্ট পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করতে পারবে না পুলিশ। তবে একইসঙ্গে তদন্তে সবরকম সহযোগিতা করার নির্দেশও দেওয়া হয়েছিল তাঁকে।






