গঙ্গার ঘাট সাফাইয়ে ঝাঁড়ু হাতে মুখ্যমন্ত্রী, বাগবাজারে স্বচ্ছতার বার্তা শুভেন্দুর
ঘাটের পরিচ্ছন্নতা, নদীর পাড়ের অবস্থা এবং সাধারণ মানুষের ব্যবহারের জায়গাগুলি খতিয়ে দেখেন তিনি
Truth of Bengal: ক্ষমতায় আসার পর থেকেই স্বচ্ছতা অভিযানে বিশেষ গুরুত্ব দিয়েছে বর্তমান রাজ্য সরকার। এবার সেই কর্মসূচিতে নিজেই হাতে-কলমে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার সকালে বাগবাজার মায়ের ঘাটে পৌঁছে গঙ্গার ঘাট পরিষ্কার করার অভিযানে শামিল হন তিনি। ঝাঁড়ু হাতে ঘাট পরিষ্কার করার পাশাপাশি বৃক্ষরোপণও করেন মুখ্যমন্ত্রী। দিন কয়েক আগেই রাজ্যে ‘স্বচ্ছতাকে স্বাগত’ শীর্ষক বিশেষ অভিযান শুরু করার কথা জানানো হয়েছিল। সেই কর্মসূচির অংশ হিসেবেই পাঁচদিন ধরে রাজ্যের বিভিন্ন জায়গায় সাফাই অভিযান চলছে। বুধবার, ১৭ জুন, গঙ্গা পরিষ্কার অভিযানের দিন হিসেবে কলকাতার ঘাটগুলিতে বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি নেওয়া হয়। শুধু গঙ্গার ঘাট নয়, শহরের বিভিন্ন মন্দির, নাখোদা মসজিদ সংলগ্ন এলাকা এবং বাজারগুলিতেও স্বচ্ছতা অভিযান চালানোর কথা রয়েছে।

কলকাতা পুরসভার পুর প্রশাসক স্মিতা পান্ডে আগেই জানিয়েছিলেন, আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বাংলায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁকে একটি পরিচ্ছন্ন কলকাতা উপহার দিতেই এই বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। সেই প্রস্তুতির অংশ হিসেবেই বুধবার সকালে বাগবাজার ঘাটে পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পল, তাপস রায়-সহ রাজ্য সরকারের একাধিক প্রতিনিধি। প্রথমে ঘাট সংলগ্ন এলাকায় গাছ লাগান শুভেন্দু। এরপর ঝাঁড়ু হাতে সাফাই অভিযানে নেমে পড়েন তিনি। তাপস রায়ের সঙ্গে একসঙ্গে মায়ের ঘাট পরিষ্কার করতেও দেখা যায় মুখ্যমন্ত্রীকে।

সাফাই অভিযানের পর বাগবাজার ঘাট সংলগ্ন মন্দিরে পুজো দেন শুভেন্দু অধিকারী। সেখান থেকেই তিনি বলেন, “প্রধানমন্ত্রীকে আমরা একটা সুন্দর, স্বচ্ছ বাংলা উপহার দেব।” মুখ্যমন্ত্রীর এই বার্তাকে ঘিরে প্রশাসনিক মহলে তৎপরতা আরও বেড়েছে। উল্লেখ্য, আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতায় মেগা কর্মসূচির আয়োজন করা হয়েছে। রেড রোডে মূল অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তার আগে শহরজুড়ে স্বচ্ছতা অভিযান চালিয়ে কলকাতাকে নতুনভাবে সাজিয়ে তুলতে চাইছে রাজ্য সরকার।





