মেসি কাণ্ডে তৃতীয় নোটিসেও হাজিরা এড়ালেন অরূপ বিশ্বাস, বাড়ল আইনি চাপ
বিধাননগর দক্ষিণ থানার তরফে তৃতীয়বার নোটিস পাঠিয়ে তাঁকে ৪৮ ঘণ্টার মধ্যে হাজিরা দিতে বলা হয়েছিল
Truth of Bengal: মেসি কাণ্ডে তদন্তে সহযোগিতার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। কিন্তু সেই নির্দেশের পরও পুলিশের তলব এড়ালেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। বিধাননগর দক্ষিণ থানার তরফে তৃতীয়বার নোটিস পাঠিয়ে তাঁকে ৪৮ ঘণ্টার মধ্যে হাজিরা দিতে বলা হয়েছিল। সোমবার বেলা ১২টায় সেই সময়সীমা শেষ হয়ে যায়। কিন্তু বিকেল পেরিয়ে গেলেও থানায় হাজিরা দেননি অরূপ। এই নিয়ে মেসি কাণ্ডে পরপর তিনবার পুলিশের ডাকা এড়ানোর অভিযোগ উঠল প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে। আদালত শর্তসাপেক্ষে তাঁকে রক্ষাকবচ দিলেও স্পষ্ট জানিয়ে দিয়েছিল, তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। গোটা ঘটনা নিয়ে আদালতে তাঁকে ভর্ৎসনার মুখেও পড়তে হয়েছিল বলে জানা গিয়েছে। এরপরই শনিবার বেলা ১২টা নাগাদ বিধাননগর দক্ষিণ থানার পক্ষ থেকে অরূপ বিশ্বাসকে তৃতীয় নোটিস পাঠানো হয়।
নোটিসে নির্দেশ ছিল, ৪৮ ঘণ্টার মধ্যে থানায় হাজিরা দিয়ে তদন্তকারীদের প্রশ্নের মুখোমুখি হতে হবে। কিন্তু নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও তিনি হাজিরা দেননি। পুলিশ সূত্রে খবর, বর্তমানে অরূপ বিশ্বাস কোথায় রয়েছেন, তা নিয়েও স্পষ্ট তথ্য পাওয়া যাচ্ছে না। তদন্তকারীদের দাবি, মেসি কাণ্ডে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য যাচাইয়ের জন্য অরূপ বিশ্বাসের বয়ান প্রয়োজন। সেই কারণেই তাঁকে বারবার তলব করা হচ্ছে। কিন্তু আদালতের নির্দেশের পরও হাজিরা না দেওয়ায় এবার তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপের সম্ভাবনা তৈরি হয়েছে।
রাজনৈতিক মহলের মতে, শর্তসাপেক্ষ রক্ষাকবচ পাওয়ার পরও তদন্তে না-যাওয়া প্রাক্তন মন্ত্রীর অস্বস্তি আরও বাড়াতে পারে। এখন দেখার, আদালতের নির্দেশ অমান্যের অভিযোগে পুলিশ কী পদক্ষেপ করে এবং মেসি কাণ্ডের তদন্ত কোন দিকে এগোয়।






