আদালতের রক্ষাকবচেও নিস্তার নেই অরূপের? হাই কোর্টের রায়ের পরই ‘সুপ্রিম’ হুঁশিয়ারি শতদ্রু দত্তর!
প্রত্যাশিত রায় না পেলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন শতদ্রু
Truth of Bengal: মেসি-কাণ্ডে আপাতত গ্রেপ্তার করা যাবে না রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে। বুধবার এমনই নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। তবে এই রক্ষাকবচের সিদ্ধান্তে সন্তুষ্ট নন মেসির ‘GOAT’ ইভেন্টের অন্যতম উদ্যোক্তা শতদ্রু দত্ত। হাই কোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। সেখানে প্রত্যাশিত রায় না পেলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন শতদ্রু।

আদালতের নির্দেশের পর সমাজমাধ্যমে শতদ্রু লেখেন, “সুপ্রিম কোর্টে যাচ্ছি। বিচারব্যবস্থার প্রতি আস্থা আছে।” মেসি-কাণ্ডে ইতিমধ্যেই অরূপ বিশ্বাসকে দু’বার তলব করেছে পুলিশ। কিন্তু দু’বারই হাজিরা এড়িয়েছেন তিনি। এই পরিস্থিতিতে গ্রেপ্তারি আশঙ্কা থেকে রক্ষাকবচ চেয়ে কলকাতা হাই কোর্টে আবেদন করেন প্রাক্তন মন্ত্রী। বুধবার সেই মামলার শুনানিতে তাঁকে সাময়িক স্বস্তি দেয় আদালত। আদালত জানায়, আপাতত অরূপ বিশ্বাসকে গ্রেপ্তার করা যাবে না।

তবে রক্ষাকবচ দিলেও একাধিক শর্ত আরোপ করেছে হাই কোর্ট। আদালতের অনুমতি ছাড়া রাজ্য ছাড়তে পারবেন না অরূপ বিশ্বাস। নিম্ন আদালতে তাঁকে পাসপোর্ট জমা রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, যুবভারতীতে মেসির এত কাছাকাছি পৌঁছে যাওয়ার ঘটনায় প্রাক্তন মন্ত্রীকে কড়া ভাষায় ভর্ৎসনা করে আদালত। এই নির্দেশের বিরোধিতায় এবার আইনি লড়াই আরও এগিয়ে নিয়ে যেতে চান শতদ্রু দত্ত। তাঁর অভিযোগ, তাঁকে প্রথমেই গ্রেপ্তার করা হয়েছিল এবং তাঁর জামিনের আবেদন পাঁচবার খারিজ হয়েছিল। সেই সময় তাঁকে ‘প্রভাবশালী’ বলে উল্লেখ করে তদন্তে প্রভাব খাটানোর আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। শতদ্রুর দাবি, অরূপ বিশ্বাস তাঁর চেয়ে অনেক বেশি প্রভাবশালী। তিনি একজন রাজনীতিবিদ এবং তদন্ত প্রভাবিত করার ক্ষমতাও তাঁর বেশি।

শতদ্রুর বক্তব্য, এই যুক্তিতেই তিনি হাই কোর্টের সিঙ্গল বেঞ্চের রক্ষাকবচের নির্দেশকে ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করবেন। প্রয়োজন হলে বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে যেতেও তিনি প্রস্তুত। একইসঙ্গে অরূপ বিশ্বাসের পুলিশি তলব এড়ানোর ঘটনাকেও কটাক্ষ করেছেন তিনি।






