রাজ্যের খবর

বাংলায় ২০ জুন পর্যন্ত থাকছে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

ছাব্বিশের নির্বাচনে রাজ্যে বিজেপি সরকার গঠিত হওয়ার পর অবশেষে সেই আবেদন মঞ্জুর করা হয়েছে।

Truth of Bengal: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন সম্পন্ন হওয়ার পর ইতিমধ্যেই নতুন সরকার গঠন হয়ে কাজও শুরু হয়ে গিয়েছে। তবে নির্বাচন মিটে গেলেও এখনই রাজ্য থেকে সরছে না কেন্দ্রীয় বাহিনী। এখনও রাজ্যের বিভিন্ন এলাকায় জলপাই পোশাক আর ভারী বুট পরিহিত জওয়ানদের টহল দিতে দেখা যাচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে যে, আগামী ২০ জুন পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখা হবে। বিগত বছরগুলিতে বাংলায় ভোট-পরবর্তী হিংসার যে রেকর্ড ছিল, তা মাথায় রেখেই এবার আগেভাগে দিল্লির কাছে ভোট মিটে যাওয়ার পরও বাহিনী রাখার আবেদন জানিয়েছিল বিজেপি। ছাব্বিশের নির্বাচনে রাজ্যে বিজেপি সরকার গঠিত হওয়ার পর অবশেষে সেই আবেদন মঞ্জুর করা হয়েছে।

বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে জারি করা একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০ জুন পর্যন্ত যে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে থাকবে, তার মধ্যে রয়েছে ২০০ কোম্পানি সিআরপিএফ (CRPF), ১৫০ কোম্পানি বিএসএফ (BSF) এবং ৫০ কোম্পানি করে সিআইএসএফ (CISF), আইটিবিপি (ITBP) ও এসএসবি (SSB)। তবে এই বাহিনী মোতায়েন রাখা নিয়ে রাজ্য সরকারকে বেশ কিছু কড়া নির্দেশও দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, এই ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে থাকাকালীন তাঁদের যাতায়াত, পরিবহণ, দৈনিক রসদ, থাকার জন্য উপযুক্ত বাসস্থান এবং অন্যান্য যাবতীয় প্রয়োজনীয় পরিকাঠামোর দায়িত্ব সম্পূর্ণভাবে পশ্চিমবঙ্গ সরকারকে নিতে হবে এবং এই ব্যবস্থা দ্রুত কার্যকর করতে হবে।

উল্লেখ্য, নির্বাচনের আগেই বিজেপির পক্ষ থেকে আবেদন জানানো হয়েছিল যেন ভোটের পর অন্তত ৬ মাস, অর্থাৎ আগামী অক্টোবর পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রাখা হয়। তবে স্বরাষ্ট্রমন্ত্রক আপাতত সেই দীর্ঘমেয়াদি আবেদনে সাড়া না দিয়ে ২০ জুন পর্যন্ত সময়সীমা নির্ধারণ করেছে। ২০ জুনের পর কি আবার বাহিনীর মেয়াদ বাড়ানো হবে, নাকি তাঁদের পুরোপুরি তুলে নেওয়া হবে— সেই বিষয়ে কেন্দ্রের তরফ থেকে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। আপাতত ভোট-পরবর্তী শান্তি বজায় রাখতেই এই বাহিনী মোতায়েন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Related Articles