রাজ্যের খবর

ঝড়-বৃষ্টিতে লণ্ডভণ্ড তপনের লস্করহাট, রাস্তাজুড়ে উপড়ে পড়ল গাছ

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঝড়ের তীব্রতায় রাস্তার ধারে থাকা বহু পুরনো গাছ ভেঙে সড়কের উপর পড়ে যায়।

Truth of Bengal: বিশ্বদীপ নন্দী, বালুরঘাট : শনিবার গভীর রাতের প্রবল ঝড় ও বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ল দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের একাধিক এলাকা। বিশেষ করে লস্করহাট, ধাঁইনগর, চৌমুহিনী সহ লস্করহাট থেকে ফুলবাড়ি যাওয়ার রাস্তায় ঝড়ের দাপটে বহু বড় বড় গাছ উপড়ে পড়ে। এর জেরে রবিবার সকাল থেকেই যান চলাচল কার্যত ব্যাহত হয়ে পড়ে। সমস্যায় পড়েন নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঝড়ের তীব্রতায় রাস্তার ধারে থাকা বহু পুরনো গাছ ভেঙে সড়কের উপর পড়ে যায়। কোথাও রাস্তার একাংশ, আবার কোথাও পুরো রাস্তা গাছের গুঁড়ি ও ডালে ঢেকে যায়। ফলে বাইক, ছোট গাড়ি এমনকি জরুরি পরিষেবার যানবাহন চলাচলেও সমস্যা তৈরি হয়। বহু মানুষকে বিকল্প রাস্তা ব্যবহার করতে বাধ্য হতে হয়েছে।রবিবার সকাল থেকেই স্থানীয় বাসিন্দারা উদ্যোগ নিয়ে রাস্তার উপর পড়ে থাকা গাছ কেটে সরানোর কাজ শুরু করেন।

হাতে করাত, দা ও অন্যান্য সরঞ্জাম নিয়ে গ্রামবাসীরাই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।তবে এলাকাবাসীর অভিযোগ, ঘটনার কয়েক ঘণ্টা কেটে গেলেও প্রশাসনের কোনও প্রতিনিধিকে ঘটনাস্থলে দেখা যায়নি।এই রাস্তা ব্যবহারকারী এক যাত্রী মিহির বিশ্বাস জানান, ব্যক্তিগত কাজে মালদা যাওয়ার উদ্দেশ্যে তিনি গঙ্গারামপুরের দিকে রওনা হয়েছিলেন। কিন্তু ধাঁইনগর এলাকায় পৌঁছে দেখেন রাস্তার উপর বিশাল গাছ পড়ে রয়েছে।শুধু ধাঁইনগর নয়, চৌমুহিনী সহ একাধিক এলাকায় একই ছবি দেখা গিয়েছে।তাঁর অভিযোগ, সাধারণ মানুষ নিজেরাই রাস্তা পরিষ্কারের কাজ করলেও প্রশাসনের তরফে এখনও কোনও তৎপরতা চোখে পড়েনি।স্থানীয়দের অনুমান, এই প্রাকৃতিক দুর্যোগে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। দ্রুত রাস্তা স্বাভাবিক করার দাবি তুলেছেন।

Related Articles