Truth of Bengal: আইপিএল ২০২৬-এর প্লে-অফের লড়াইয়ে বড় ধাক্কা খেল চেন্নাই সুপার কিংস। দলের তারকা অলরাউন্ডার জেমি ওভারটন চোটের কারণে মাঝ মরশুমেই ইংল্যান্ডে ফিরে যাচ্ছেন। বুধবার সোশাল মিডিয়ায় এই খবর জানায় সিএসকে। ফ্র্যাঞ্চাইজির তরফে জানানো হয়েছে, ডান উরুতে চোট পেয়েছেন ৩২ বছরের এই ইংলিশ অলরাউন্ডার। চিকিৎসা ও আরও পরীক্ষার জন্য তাঁকে দেশে ফিরতে হচ্ছে।
এই মরশুমে সিএসকের হয়ে দারুণ ছন্দে ছিলেন ওভারটন। ১০ ম্যাচে ১৪ উইকেট নেওয়ার পাশাপাশি করেছেন ১৩৬ রান। পাঁচবারের চ্যাম্পিয়ন দলের হয়ে ব্যাট ও বল— দুই বিভাগেই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। সিএসকের তরফে বিবৃতিতে বলা হয়েছে, ‘জেমি ওভারটনের ডান উরুতে চোট রয়েছে। আরও পরীক্ষা ও চিকিৎসার জন্য তিনি ইংল্যান্ডে ফিরছেন।’
চোটের ধাক্কায় এই মরশুমে আগেই সমস্যায় পড়েছে চেন্নাই। বুধবারই কর্নাটকের অলরাউন্ডার ম্যাকনিল নরোনহাকে দলে নেয় সিএসকে। চোট পাওয়া মহারাষ্ট্রের অলরাউন্ডার রামকৃষ্ণ ঘোষের বদলি হিসাবে তাঁকে আনা হয়েছে। এর আগে চোটের কারণে মাঝপথে ছিটকে গিয়েছেন ওপেনার আয়ূষ মাত্রে এবং পেসার খলিল আহমেদ। প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকেও এখনও পায়নি দল। এছাড়াও অস্ট্রেলিয়ার দুই বিদেশি ক্রিকেটার নাথান এলিস ও স্পেন্সার জনসনও এ বার একটিও ম্যাচ খেলতে পারেননি।






