কলকাতারাজ্যের খবর

রোদের দেখা মিললেও মনোরম আবহাওয়া, দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস

শপথ গ্রহণ অনুষ্ঠানের দিনও কলকাতায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে

Truth of Bengal: রাজ্যজুড়ে রোদের দেখা মিললেও গত কয়েক দিনের টানা বিক্ষিপ্ত বৃষ্টিতে ভ্যাপসা গরম থেকে সাময়িক মুক্তি পেয়েছেন বাংলার মানুষ। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবারও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে বৃষ্টির এই দাপট কেবল শুক্রবারেই সীমাবদ্ধ থাকবে না। আগামী শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের দিনও কলকাতায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ফলে শপথ গ্রহণের আনন্দ উদযাপনের সঙ্গী হতে পারে বৃষ্টি।

হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, দক্ষিণবঙ্গের একাধিক জেলা বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং হুগলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর মধ্যে বর্ধমান, পুরুলিয়া এবং বাঁকুড়ায় কালবৈশাখীর আশঙ্কাও প্রকাশ করেছেন আবহাওয়াবিদরা। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও শনিবার পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকার কথা জানানো হয়েছে। মালদা এবং দুই দিনাজপুরে এদিন ঝড়-বৃষ্টির প্রকোপ বেশি থাকতে পারে। সব জেলাতেই ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে।

শনিবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু পশ্চিমবঙ্গ নয়, প্রতিবেশী রাজ্য সিকিম এবং আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জেও বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামী রবিবার পশ্চিমের জেলাগুলো যেমন ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়াতে বৃষ্টির দাপট জারি থাকবে। এছাড়া ওড়িশা, বিহার ও ঝাড়খণ্ডের কিছু অংশেও আগামী কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টি চলবে বলে মনে করা হচ্ছে।

তবে বৃষ্টির এই স্বস্তি দীর্ঘস্থায়ী হবে না। আগামী সপ্তাহের শুরু থেকেই আবহাওয়ার ভোল বদলের ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। সোমবার থেকে বুধবারের মধ্যে রাজ্যে তাপমাত্রা ফের বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে সপ্তাহান্তে বৃষ্টির হাত ধরে যে মনোরম পরিবেশ তৈরি হয়েছে, সপ্তাহের শুরুতেই তা উধাও হয়ে আবার গরম ও অস্বস্তিকর আবহাওয়া ফিরে আসতে পারে। মে মাসের মাঝামাঝি সময়ে এসে আবারও প্যাচপ্যাচে গরমে হাঁসফাঁস করতে হতে পারে সাধারণ মানুষকে।

Related Articles