কলকাতাবিনোদন

ইভিএম বিভ্রাটের ‘শিকার’ খোদ চিরঞ্জিত! দীর্ঘক্ষণ বুথে দাঁড়িয়েও ভোট না দিয়েই ফিরলেন তারকা

রাজ্যের বিভিন্ন কেন্দ্রে ইভিএম বিকল হওয়ার ফলে সাধারণ ভোটারদের ভোগান্তি চরমে পৌঁছয়।

Truth of Bengal: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটগ্রহণ শুরু হতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ইভিএম (EVM) বিকলের খবর সামনে এসেছে। বুধবার সকাল থেকেই কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং নদীয়ার একাধিক বুথে যান্ত্রিক গোলযোগের কারণে ভোটগ্রহণ ব্যাহত হয়। এই ইভিএম বিভ্রাটের কবলে পড়ে সকালেই নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে ব্যর্থ হন বারাসতের বিদায়ী তারকা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। এদিন সকালে চারুচন্দ্র কলেজে ভোট দেওয়ার কথা ছিল তাঁর, কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরও মেশিন সচল না হওয়ায় শেষ পর্যন্ত ভোট না দিয়েই বুথ থেকে বেরিয়ে যান তিনি। পরে দুপুর নাগাদ তিনি পুনরায় ভোট দিতে আসবেন বলে জানা গিয়েছে।

রাজ্যের বিভিন্ন কেন্দ্রে ইভিএম বিকল হওয়ার ফলে সাধারণ ভোটারদের ভোগান্তি চরমে পৌঁছয়। অনেক জায়গায় ভোটগ্রহণ শুরু করতে কয়েক ঘণ্টা দেরি হয়, আবার কোথাও ভোট চলাকালীন মেশিন বিকল হয়ে যাওয়ায় লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বহু বুথে ভোটকর্মীদের সঙ্গে ভোটারদের বচসার খবরও পাওয়া গিয়েছে। নির্বাচন কমিশন ইতিমধ্যেই পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।

উল্লেখ্য, চিরঞ্জিত চক্রবর্তী বারাসত কেন্দ্রের হ্যাটট্রিক করা বিধায়ক। ২০১১ সালে রাজ্যের রাজনৈতিক পরিবর্তনের সময় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজনীতিতে আসা এই অভিনেতা পর পর তিনবার সিপিএম প্রার্থীদের পরাজিত করে বিধানসভায় গিয়েছেন। প্রতিবারই তিনি ভোট রাজনীতি থেকে সরে দাঁড়াতে চাইলেও দলনেত্রীর আস্থায় লড়ে জয়ী হয়েছেন। তবে ২০২৬-এর এই মহারণে তিনি আর প্রার্থী হননি। এবারের নির্বাচনে তিনি স্রেফ একজন সাধারণ ভোটার হিসেবে অংশগ্রহণ করলেও সকালের ইভিএম বিভ্রাট তাঁর অভিজ্ঞতায় কিছুটা তাল কাটল।