রাজ্যের খবর

মেটিয়াব্রুজে বামেদের দেওয়াল লিখন মুছে দেওয়ার অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে সরব মনিরুল ইসলাম

এই ঘটনায় ইতিমিধ্যেই প্রশাসনের দ্বারস্থ হয়েছে বামেরা

Truth Of Bengal: মেটিয়াব্রুজ বিধানসভা কেন্দ্রের নির্বাচনী লড়াইয়ে উত্তাপ ছড়ালো দেওয়াল লিখনকে কেন্দ্র করে। রবিবাসরীয় সকালে মহেশতলা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে জোরকদমে প্রচার সারেন সিপিআইএম প্রার্থী মনিরুল ইসলাম। কিন্তু প্রচার চলাকালীনই শাসক দল তৃণমূলের বিরুদ্ধে দেওয়াল মুছে দেওয়ার গুরুতর অভিযোগ তুলেছে বাম নেতৃত্ব।

দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা পৌরসভার ১, ২ এবং ১০ নম্বর ওয়ার্ডের ফতেপুর, আলমপুর, কুদ্দুস পাড়া ও পাহাড়পুর এলাকায় এদিন বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করেন মনিরুল ইসলাম। সিপিআইএমের লোকাল কমিটির সদস্য অনিল পাণ্ডের অভিযোগ, ১ ও ১০ নম্বর ওয়ার্ডে তাঁদের প্রার্থীর সমর্থনে করা একাধিক দেওয়াল লিখন রাতারাতি মুছে দিয়ে সেখানে তৃণমূলের নাম লিখে দেওয়া হয়েছে। এই ঘটনায় ইতিমিধ্যেই প্রশাসনের দ্বারস্থ হয়েছে বামেরা।

প্রচার শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মনিরুল ইসলাম দাবি করেন, সাধারণ মানুষের মধ্যে পরিবর্তনের প্রবল ইচ্ছা দেখা যাচ্ছে এবং বামপন্থীদের প্রতি মানুষের আস্থা বাড়ছে। তবে শাসক দলের বিরুদ্ধে ভয়ের রাজনীতি করার অভিযোগ তুলে তিনি বলেন, “আমাদের কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় যারা প্রচার করছে তাঁদের ভয় দেখানো হচ্ছে। দেওয়াল মুছে দেওয়ার ঘটনা প্রমাণ করে যে পরাজয়ের আশঙ্কায় ভুগছে তৃণমূল।”

সিপিআইএম প্রার্থীর মতে, কোনো উস্কানিতে পা না দিয়ে তাঁরা শান্তিপূর্ণভাবেই মানুষের কাছে পৌঁছাতে চান। উন্নয়ন ও প্রকৃত পরিবর্তনের বার্তা নিয়ে বামপন্থীরা মেটিয়াব্রুজে মাটি কামড়ে লড়াই করবে বলে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন।

Related Articles