নির্বাচন কমিশনের বড় পদক্ষেপ, একযোগে ১৮ জেলার ৮৩ জন বিডিও বদল
নন্দীগ্রাম ও ডায়মন্ড হারবারের মতো কেন্দ্রগুলোও অন্তর্ভুক্ত রয়েছে
Truth Of Bengal: আগামী মাসের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ফের একঝাঁক প্রশাসনিক আধিকারিক বদল করল ভারতের নির্বাচন কমিশন। রবিবার দিল্লির সদর দপ্তর থেকে জারি করা এক নির্দেশিকায় রাজ্যের ১৮টি জেলার মোট ৮৩ জন বিডিও এবং এআরও-কে একযোগে বদলি করার নির্দেশ দেওয়া হয়েছে। এই তালিকায় নন্দীগ্রাম ও ডায়মন্ড হারবারের মতো হাই-প্রোফাইল কেন্দ্রগুলোও অন্তর্ভুক্ত রয়েছে।
উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ— কোচবিহার, জলপাইগুড়ি, দুই দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান এবং বীরভূম জেলার বিডিওরা এই বদলির তালিকায় রয়েছেন। বিশেষ করে ডায়মন্ড হারবার-১ ও ২, নন্দীগ্রাম-১ ও ২, রামনগর, নানুর, লাভপুর এবং সিউড়ি-১ ব্লকের আধিকারিকদের সরিয়ে দেওয়া হয়েছে।
ভোটের মুখে এই গণ-বদল নিয়ে রাজ্য ও কেন্দ্রের মধ্যে রাজনৈতিক সংঘাত আরও তীব্র হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পদক্ষেপকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে বর্ণনা করেছেন। তাঁর দাবি, রাজ্যের প্রশাসনিক কাজে বিঘ্ন ঘটাতেই বারবার অফিসারদের বদল করা হচ্ছে। অন্যদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বদলিকে সমর্থন করে জানিয়েছেন যে, নিরপেক্ষ ভোট নিশ্চিত করতেই কমিশন যেখানে প্রয়োজন মনে করছে, সেখানেই আধিকারিকদের সরাচ্ছে। তিনি আরও অভিযোগ করেন যে, বাংলার অনেক আধিকারিকই নিরপেক্ষভাবে কাজ না করে শাসক দলের ক্যাডারের মতো আচরণ করছেন।
নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের ফলে জেলা প্রশাসনে বড়সড় রদবদল ঘটতে চলেছে, যা নির্বাচনী প্রক্রিয়ায় গভীর প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।






