অ্যাকাউন্টে এল ১০ কোটি টাকা! এটিএম-এর ব্যালান্স দেখে কেন ভিরমি খেলেন গৃহবধূ
ছুটির কারণে শাখা বন্ধ থাকায় পাশের এটিএমে গিয়ে ব্যালান্স চেক করেন। সেখানে গিয়ে তিনি বিস্ময়ে হতবাক হয়ে যান।
Truth of Bengal: উত্তরপ্রদেশের মৈনপুরী জেলার এক কৃষক পরিবারের গৃহবধূ সততার এক অনন্য নজির গড়ে প্রশংসা কুড়িয়েছেন। হঠাৎ করেই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় ১০ কোটি টাকা জমা পড়ে, কিন্তু তিনি সেই টাকা থেকে এক টাকাও তুলতে অস্বীকার করেন। দেবগঞ্জ গ্রামের বাসিন্দা পরসবন বাহেলিয়ার স্ত্রী রীতা, স্বামী-পরিবার নিয়ে কৃষিকাজ করেই জীবিকা নির্বাহ করেন। নবরাত্রির অষ্টমীর দিনে তিনি স্থানীয় ব্যাঙ্কে টাকা তুলতে যান, কিন্তু ছুটির কারণে শাখা বন্ধ থাকায় পাশের এটিএমে গিয়ে ব্যালান্স চেক করেন। সেখানে গিয়ে তিনি বিস্ময়ে হতবাক হয়ে যান।
তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেখা যায় ৯ কোটি ৯৯ লক্ষ ৪৯ হাজার ৫৮৮ টাকা। প্রথমে বিশ্বাস করতে না পেরে তিনি অন্য একটি এটিএমে গিয়ে আবার ব্যালান্স দেখেন এবং পুরো ঘটনাটি ভিডিও করে রাখেন। সেই ভিডিও পরে সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। এত বিপুল পরিমাণ টাকা অ্যাকাউন্টে থাকা সত্ত্বেও রীতা এক টাকাও তোলার চেষ্টা করেননি। এমনকি তিনি তাঁর পরিবারের সদস্যদেরও স্পষ্ট জানিয়ে দেন, বিষয়টি পরিষ্কার না হওয়া পর্যন্ত কেউ যেন ওই টাকায় হাত না দেন। তাঁর এই সততার জন্য প্রতিবেশী ও স্থানীয় মানুষজন তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।
পরে রীতা ও তাঁর পরিবার বিষয়টি জানাতে ব্যাঙ্কে গেলে দেখেন, সেদিনও শাখা বন্ধ। সংশ্লিষ্ট ব্যাঙ্কের করিমগঞ্জ শাখার ব্যবস্থাপক ঋষিকান্ত পাণ্ডে জানান, এটি সম্ভবত কোনও প্রযুক্তিগত ত্রুটি বা লেনদেনজনিত ভুলের কারণে হয়েছে। শাখা খোলার পর বিষয়টি খতিয়ে দেখে দ্রুত সমাধান করা হবে বলেও আশ্বাস দেন তিনি। ঘটনাটি ইতিমধ্যেই এলাকাজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। সামাজিক মাধ্যমেও বহু মানুষ রীতার সততা ও নৈতিকতার প্রশংসা করছেন, কারণ এমন পরিস্থিতিতে সহজেই টাকার অপব্যবহার করা যেত, কিন্তু তিনি সেই পথ বেছে নেননি।






