রাজ্যের খবর

রচনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ! টিকিট না পেয়ে বিস্ফোরক চুঁচুড়ার বিদায়ী বিধায়ক

দুই হেভিওয়েট নেতার সংঘাত ঘিরে সরগরম হয়ে উঠেছে হুগলির রাজনীতি

তরুণ মুখোপাধ্যায়, হুগলি: হুগলির চুঁচুড়ায় তৃণমূল কংগ্রেসের অন্দরের কোন্দল এবার বিস্ফোরক রূপ নিল। টিকিট না পাওয়া বিদায়ী বিধায়ক অসিত মজুমদার সরাসরি লড়াইয়ের ময়দানে আহ্বান জানালেন দলেরই সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কে। রবিবার সকালে এই দুই হেভিওয়েট নেতার সংঘাত ঘিরে সরগরম হয়ে উঠেছে হুগলির রাজনীতি।

ঘটনার সূত্রপাত রবিবার সকালে চুঁচুড়া শহর তৃণমূলের একটি মিছিলকে কেন্দ্র করে। দলের তরুণ প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে আয়োজিত ওই মিছিলে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকলেও, ব্রাত্য রাখা হয় স্থানীয় বিধায়ক অসিত মজুমদারকে। এই ‘অপমানে’র পরই তড়িঘড়ি সাংবাদিক বৈঠক ডাকেন তিনি।

ক্ষোভ উগরে দিয়ে অসিত মজুমদার বলেন, “চুঁচুড়ায় দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের বীজ বুনেছেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়।” তিনি আরও এক ধাপ এগিয়ে সাংসদকে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে জানান, রচনা যদি দল ছেড়ে নির্দলে দাঁড়ান, তবে তিনিও নির্দলে দাঁড়িয়ে তাঁকে হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন।

শুধুমাত্র দলীয় সংঘাত নয়, রচনার বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগও তুলেছেন অসিত। তাঁর দাবি, সাংসদ তহবিলের টাকায় বিভিন্ন স্কুলে ‘স্মার্ট ক্লাস’ তৈরির নামে বড়সড় অনিয়ম হয়েছে। তিনবারের বিধায়ক অসিত মজুমদারকে সরিয়ে এবার দেবাংশু ভট্টাচার্যকে প্রার্থী করায় আগে থেকেই অসন্তোষ দানা বেঁধেছিল, যা রবিবারের ঘটনায় পূর্ণ মাত্রায় প্রকাশিত হলো।

সাংসদ বনাম বিধায়কের এই সংঘাত নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হলেও, রচনা বন্দ্যোপাধ্যায় বা দেবাংশু ভট্টাচার্যের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Related Articles