গ্যাসের সঙ্কট ঘিরে অশান্তি জেরে সন্তানকে নিয়ে বাড়ি ছাড়লেন স্ত্রী
এখনও পর্যন্ত তাঁদের কোনও হদিশ মেলেনি
Truth Of Bengal: মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির জেরে জ্বালানির অনিশ্চয়তা দেশের বিভিন্ন প্রান্তে প্রভাব ফেলতে শুরু করেছে। বহু পরিবার গ্যাসে ছেড়ে ফের ফিরে গিয়েছেন কাঠ অথবা কয়লার উনানে রান্না করতে।
চারিদিকে দেখা গিয়েছে এলপিজির জন্য হাহাকার। এই আবহেই উত্তরপ্রদেশের বারাবাঁকিতে ঘটেছে এক অদ্ভুত ঘটনা। সঙ্কটকে কেন্দ্র করে পারিবারিক অশান্তির জেরে স্ত্রী শিশু সন্তানকে নিয়ে বাড়ি ছাড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বারাবাঁকি জেলায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘুংঘাটার থানা এলাকার এক গ্রামে এই ঘটনা ঘটে। অনিল কুমার নামে এক ব্যক্তি তাঁর স্ত্রী সুমন দেবী (২৯) ও পাঁচ মাসের সন্তানকে নিয়ে বসবাস করতেন। অভিযোগ, বাড়িতে রান্নার গ্যাস শেষ হয়ে যাওয়ায় নতুন সিলিন্ডার ভরানোর জন্য স্বামীকে অনুরোধ করেন স্ত্রী। পাশাপাশি তিনি স্পষ্ট জানিয়ে দেন, কাঠ বা কয়লার উনানে আর রান্না করবেন না। এই বিষয়কে কেন্দ্র করেই স্বামী-স্ত্রীর মধ্যে তর্কাতর্কি শুরু হয়।
স্বামীর দাবি, তিনি গ্যাস ভরাতে রাজি না হওয়ায় অশান্তি চরমে ওঠে। এরপর তিনি ঘুমিয়ে পড়েন। পরে বিকেলে ঘুম থেকে উঠে দেখেন, তাঁর স্ত্রী কিছু জামাকাপড়, নগদ টাকা এবং তাঁদের পাঁচ মাসের সন্তানকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গিয়েছেন।
পরিবারের তরফে আত্মীয়দের বাড়িতে খোঁজাখুঁজি করা হলেও এখনও পর্যন্ত তাঁদের কোনও হদিশ মেলেনি। গত তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন সুমন দেবী ও তাঁর সন্তান। ঘটনার পর স্বামীর অভিযোগের ভিত্তিতে পুলিশ নিখোঁজের মামলা রুজু করেছে। তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় থানার আধিকারিকরা।






