হঠাৎ কী হল নেহার? বিনোদন জগত থেকে বিদায় নেওয়ার ইঙ্গিত! কী চাইলেন অনুরাগীদের কাছে?
সংবাদমাধ্যম ও ছবিশিকারিদের উদ্দেশে বিশেষ অনুরোধও জানিয়েছেন নেহা।
Truth of Bengal: বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কক্কড় কি বিনোদনজগৎ থেকে সরে দাঁড়াতে চলেছেন? তাঁর সাম্প্রতিক একটি ঘোষণাকে ঘিরে এমনই জল্পনা শুরু হয়েছে অনুরাগী মহলে। সোশ্যাল মিডিয়ায় দেওয়া সেই বার্তায় শুধু কাজ নয়, দায়িত্ব ও ব্যক্তিগত সম্পর্ক থেকেও বিরতি নেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। পাশাপাশি সংবাদমাধ্যম ও ছবিশিকারিদের উদ্দেশে বিশেষ অনুরোধও জানিয়েছেন নেহা।
কয়েক দিন আগেই মুক্তি পেয়েছে নেহা কক্কড় ও তাঁর ভাই টনি কক্কড়ের নতুন গান ‘ললিপপ’। গানটি প্রকাশের পরই তার কথা ও দৃশ্যায়ন নিয়ে বিতর্ক শুরু হয়। একাংশের মতে, গানটি অশালীন এবং রুচিহীন। সেই সমালোচনার মুখে পড়েই কি মানসিক ভাবে ভেঙে পড়েছেন নেহা? অনেকে মনে করছেন, লাগাতার কটাক্ষ ও ট্রোলিংয়ের চাপেই হয়তো এমন সিদ্ধান্তের পথে হাঁটছেন তিনি। নেহা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, এই মুহূর্তে জীবনের সব কিছু থেকে একটু দূরে সরে থাকার প্রয়োজন অনুভব করছেন। কাজ, দায়িত্ব, সম্পর্ক—সবকিছু থেকেই বিরতি নিতে চান তিনি। এমনকি ভবিষ্যতে তিনি আবার ফিরবেন কি না, তা নিয়েও নিশ্চিত নন বলে জানিয়েছেন গায়িকা। তাঁর লেখায় ধরা পড়েছে এক ধরনের অনিশ্চয়তা ও মানসিক ক্লান্তির ইঙ্গিত।
এই ঘোষণার পর থেকেই অনুরাগীদের মনে নানা প্রশ্ন উঠেছে। ব্যক্তিগত জীবনে কি কোনও সমস্যা চলছে? কেন সম্পর্ক ও দায়িত্ব থেকে দূরে থাকার কথা বলছেন তিনি? যদিও এ বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি নেহা। এদিকে, নিজের শান্তির কথা ভেবে নেহা আলোকচিত্রীদের প্রতিও অনুরোধ জানিয়েছেন। তিনি আবেদন করেছেন, এই সময় যেন তাঁকে ক্যামেরাবন্দি না করা হয়। তাঁর গোপনীয়তাকে সম্মান করার আহ্বান জানিয়ে নেহা লিখেছেন, তিনি যেন স্বাধীন ভাবে বাঁচার সুযোগ পান। শান্তির জন্য এই সামান্য সহানুভূতিটুকু কামনা করেছেন গায়িকা।






