কলকাতা

কাশ্মীরের জোড়া ঝঞ্ঝার কোপ বাংলায়! দক্ষিণবঙ্গে কি তবে জাঁকিয়ে শীত কেবলই স্বপ্ন?

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সাধারণত উত্তর-পশ্চিম ভারত থেকে আসা হিমেল উত্তুরে হাওয়া বাংলায় শীতের তীব্রতা বাড়ায়।

Truth Of Bengal: শনিবার সকালের আবহাওয়া দেখেই মনে হয়েছে শীতের প্রকৃত খেলাই যেন ঘুরে গেছে। কলকাতা সহ পুরো বাংলায় কুয়াশার চাদরে ঢেকে পড়েছে সকাল, সঙ্গে বইছে হালকা হাওয়া। কনকনে হিমেল আবহাওয়া থাকলেও তাপমাত্রার বড় কোনো পতন লক্ষ্য করা যায়নি। আবহাওয়াবিদদের মতে, এটি প্রকৃত শীত নয়, বরং ‘ছদ্ম–শীত’। আপাতত পারদ আরও কমার সম্ভাবনা নেই, তাই বড়দিনেও কনকনে শীতের আশা কম।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সাধারণত উত্তর-পশ্চিম ভারত থেকে আসা হিমেল উত্তুরে হাওয়া বাংলায় শীতের তীব্রতা বাড়ায়। কিন্তু বর্তমানে সেই হাওয়ার পথে পশ্চিমি ঝঞ্ঝা বাধা হয়ে দাঁড়িয়েছে। এর প্রভাবে পাঞ্জাব থেকে বাংলার বিস্তীর্ণ এলাকায় কুয়াশার বলয় তৈরি হয়েছে। রোদ না ওঠায় সকাল ও রাতের দিকে শীতের অনুভূতি থাকলেও দিনের তাপমাত্রা বেশি কমছে না।

শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিন রাজ্যজুড়ে কুয়াশার প্রবণতা বাড়বে। পশ্চিমের জেলাগুলি এবং উত্তরবঙ্গের কিছু জেলায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে, বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।

আবহাওয়াবিদদের ব্যাখ্যা অনুযায়ী, কাশ্মীরের ওপর দিয়ে পরপর দু’টি পশ্চিমি ঝঞ্ঝা অতিক্রম করছে। একটি ইতিমধ্যেই প্রভাব ফেলেছে, অন্যটি ধেয়ে আসছে। এর ফলে উত্তুরে হাওয়া দুর্বল হয়ে পড়েছে। ফলে কলকাতা ও দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি এবং শীতের তীব্রতা কম অনুভূত হচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ২৫ ডিসেম্বর কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫–১৬ ডিগ্রির মধ্যে থাকবে এবং ১৫ ডিগ্রির নিচে নামার সম্ভাবনা খুব কম। ২৪ ডিসেম্বর পর্যন্ত রাতের তাপমাত্রা সামান্য বেশি থাকতে পারে।

বড়দিনের পর পরিস্থিতি বদলাতে পারে বলে ধারণা করা হচ্ছে। ২৬ ডিসেম্বর থেকে তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে এবং শীতের প্রকোপ বাড়তে পারে। শনিবার রাজ্যের সবচেয়ে ঠান্ডা এলাকা ছিল দার্জিলিং, যেখানে তাপমাত্রা নেমেছিল ৫.৮ ডিগ্রিতে। দক্ষিণবঙ্গে সবচেয়ে শীতল ছিল পুরুলিয়া, ১১ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে। শ্রীনিকেতন ও বর্ধমানেও ১১ ডিগ্রির আশেপাশে তাপমাত্রা ছিল।

আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গে তাপমাত্রার বড় পরিবর্তনের আশা নেই। পশ্চিমাঞ্চলে রাতের তাপমাত্রা ১১–১৪ ডিগ্রির মধ্যে থাকবে। রবিবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদে ঘন কুয়াশার সতর্কতা জারি রয়েছে। উত্তরবঙ্গের বেশির ভাগ এলাকায় খুব সকালে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে, এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে রবিবার ঘন কুয়াশা থাকতে পারে। সোমবারও উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা বজায় থাকবে।

Related Articles