National Herald Case: ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া-রাহুলের বিরুদ্ধে ED-র যুক্তি খারিজ করল দিল্লির আদালত
তবে আদালত জানিয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই বিষয়ে তাদের তদন্ত চালিয়ে যেতে পারবে।
Truth of Bengal: ন্যাশনাল হেরাল্ড মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) কর্তৃক সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং আরও পাঁচজনের বিরুদ্ধে আনা অর্থপাচারের যুক্তি শুনতে রাজি হলো না দিল্লির একটি আদালত। তবে আদালত জানিয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই বিষয়ে তাদের তদন্ত চালিয়ে যেতে পারবে।
এই অর্থপাচারের মামলাটি রাজধানীর রাউস এভিনিউ কোর্টে উঠেছিল। বিচারক বিশাল গোগনি ইডির যুক্তি খারিজ করে দেন এবং বলেন যে ব্যক্তিগত স্তরে অভিযুক্তদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে। তিনি আরও জানান যে এই বিষয়ে কোনো এফআইআর নেই, ফলে মামলাটি গ্রাহ্য নয়। এই মামলায় রাহুল ও সোনিয়া ছাড়াও সুমন দুবে, স্যাম পিত্রোদা, সুনীল ভাণ্ডারী এবং ইয়ং ইন্ডিয়ান ও ডোটেক্স মার্চেনডাইসেক-কে অভিযুক্ত করেছিল ইডি। আদালতের এই মন্তব্য স্বভাবতই কংগ্রেস নেতৃত্বের জন্য একটি সাময়িক স্বস্তি এনেছে।
উল্লেখ্য, বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীর দায়ের করা মামলায় আদালতের রায়ের ভিত্তিতে ইডি ২০২১ সালে ন্যাশনাল হেরাল্ড মামলায় তদন্ত শুরু করে। স্বামীর অভিযোগ ছিল, ইয়ং ইন্ডিয়া (যার শেয়ারহোল্ডার ছিলেন সোনিয়া ও রাহুল-সহ আরও অনেকে) বেআইনিভাবে অ্যাসোসিয়েট জার্নাল লিমিটেডের প্রায় ২০০০ কোটি টাকার সম্পত্তি দখল করেছে। অ্যাসোসিয়েট জার্নাল লিমিটেড থেকেই ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রটি প্রকাশিত হতো। এই কারণেই মামলার শুরু থেকেই কংগ্রেস নেতৃত্বের নাম জড়িয়েছে।






