কলকাতা

মেসি অনুষ্ঠান ঘিরে বিশৃঙ্খলার পর মূল উদ্যোক্তা শতদ্রুকে আটক, তদন্ত শুরু রাজ্য পুলিশের

যুবভারতী ক্রীড়াঙ্গনের বাইরের রাস্তায় ভিড় রয়েছে এবং এলাকা সম্পূর্ণ ফাঁকা করতে পুলিশকে যথেষ্ট বেগ পেতে হচ্ছে।

Truth Of Bengal: লিওনেল মেসিকে কেন্দ্র করে যুবভারতী ক্রীড়াঙ্গনে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনার পর বড় পদক্ষেপ নিল রাজ্য পুলিশ। কলকাতায় মেসি সফরের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে বিমানবন্দর থেকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার।

ডিজি রাজীব কুমার জানান, ঘটনার সঙ্গে জড়িত দায়িত্ব ও গাফিলতি খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। যদিও সাংবাদিক বৈঠকে তিনি সরাসরি উদ্যোক্তার নাম উল্লেখ করেননি, তবে স্পষ্ট করে বলেন, অনুষ্ঠানের মূল উদ্যোক্তা দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়ার বিষয়ে লিখিত মুচলেকা দিয়েছেন।

“এত বড় আয়োজনের পর দর্শকদের যে অভিজ্ঞতা হয়েছে, তা কাম্য নয়। যাঁরা টিকিট কেটে এসেছিলেন, তাঁদের অর্থ ফেরত পাওয়া উচিত।” পাশাপাশি দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

ঘটনার রেশ এখনও পুরোপুরি কাটেনি। যুবভারতী ক্রীড়াঙ্গনের বাইরের রাস্তায় ভিড় রয়েছে এবং এলাকা সম্পূর্ণ ফাঁকা করতে পুলিশকে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, অনুষ্ঠানে মেসির উপস্থিতি প্রত্যাশামতো না হওয়ায় ক্ষুব্ধ দর্শকদের একাংশ স্টেডিয়ামের ভিতরে ভাঙচুর চালায়। চেয়ার, ঘাসের টবসহ বিভিন্ন সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনার পর থেকেই স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থা এবং আয়োজকদের প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।

এর আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার জন্য দুঃখপ্রকাশ করে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছিলেন। উদ্যোক্তা আটক হওয়ার পর এখন নজর রয়েছে তদন্তে কী তথ্য উঠে আসে এবং দর্শকদের টাকা ফেরতের প্রক্রিয়া কত দ্রুত শুরু হয়, সেদিকেই।

Related Articles