Clean Booth Coun: ভোটার তালিকায় স্বচ্ছতা! রাজ্যে মৃত ভোটারহীন বুথের সংখ্যা কমল
সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, এখন রাজ্যে এমন বুথ মাত্র সাতটি।
Truth of Bengal: রাজ্যে মৃত বা স্থানান্তরিত ভোটার শূন্য।এমন বুথের সংখ্যা আরও কমল। প্রথমে যেখানে দাবি ছিল ২২০৮টি বুথে গত এক বছরে একজনও মৃত বা স্থানান্তরিত ভোটার নেই, কমিশন রিপোর্ট তলব করতেই সেই সংখ্যা নেমে আসে ৪৮০-তে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, এখন রাজ্যে এমন বুথ মাত্র সাতটি।
কমিশনের তথ্য অনুসারে, জলপাইগুড়িতে একটি, মালদহে দু’টি, দক্ষিণ ২৪ পরগনায় একটি, হাওড়ায় একটি, পশ্চিম মেদিনীপুরে একটি এবং পুরুলিয়ায় একটি বুথে মৃত বা স্থানান্তরিত কোনও ভোটার নেই। ওই সব বুথে বিতরণ করা সব এনুমারেশন ফর্মই জমা পড়েছে, কারও নাম নেই একাধিক জায়গায়। শুরুর তালিকায় দক্ষিণ ২৪ পরগনাই শীর্ষে ছিল। ৭৬০টি বুথ ‘ক্লিন’ বলে দাবি করা হয়েছিল। সংশোধিত রিপোর্টে সেই সংখ্যা নেমে এসেছে মাত্র একে।
প্রসঙ্গত, ৪ নভেম্বর থেকে চলছে এসআইআর-এর বিশেষ সংশোধন। এনুমারেশন ফর্ম আপলোডের শেষ তারিখ ১১ ডিসেম্বর। ১৬ ডিসেম্বর খসড়া তালিকা, এবং ২০২৬ সালের ১৪ ফেব্রুয়ারি প্রকাশ পাবে চূড়ান্ত ভোটার তালিকা।






