ভারতে ঢুকে পড়ায় ২৮ বাংলাদেশি মৎস্যজীবী আটক
গত ১৫, ১৬ এবং ১৭ তারিখে টানা তিন দিনে আরও তিনটি বাংলাদেশি ট্রলার আটক হয়েছিল, যেখানে মোট ৭৯ জন মৎস্যজীবী ছিলেন।
Truth Of Bengal: লোকেশ হালদার, কাকদ্বীপ: আবারও ভারতীয় জলসীমায় ঢুকে পড়ায় বাংলাদেশি ট্রলার সহ ২৮ জন মৎস্যজীবীকে আটক করল ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। আটক হওয়া এই দলটিকে নারায়ণপুর মৎসবন্দরে নিয়ে আসা হয়। সেখান থেকে তাঁদের কাকদ্বীপ থানার হাতে তুলে দেওয়া হবে।
পরে আদালতে পেশ করা হবে বলে জানানো হয়েছে।উপকূলরক্ষী সূত্রে খবর, বাংলাদেশের জলসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় প্রবেশ করার অভিযোগেই আটক করা হয়েছে তাঁদের। গত ১৫, ১৬ এবং ১৭ তারিখে টানা তিন দিনে আরও তিনটি বাংলাদেশি ট্রলার আটক হয়েছিল, যেখানে মোট ৭৯ জন মৎস্যজীবী ছিলেন।
গত তিন মাসে মোট পাঁচটি ট্রলার এবং ১১০ জন বাংলাদেশি মৎস্যজীবী উপকূলরক্ষীদের হাতে আটক হয়েছে। আজকের ঘটনায় সেই সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩৮-এ।উপকূল রক্ষী বাহিনী জানিয়েছে, আন্তর্জাতিক সামুদ্রিক সীমা নিয়মিত লঙ্ঘনের ঘটনাগুলি উদ্বেগজনক। তদন্তের স্বার্থে আটক মৎস্যজীবীদের জিজ্ঞাসাবাদ করা হবে।






