আসনরফা নিয়ে লাগাতার সমস্যা, মুকেশকে কড়া বার্তা তেজস্বীর
তবে আসনরফা নিয়ে এখনও সমস্যা অব্যাহত ইন্ডিয়া শিবিরে, যা দেখে ক্ষুব্ধ আরজেডি নেতা তেজস্বী যাদব।
Truth Of Bengal: নিকটে বিহার বিধানসভা নির্বাচন। কদিন পরই রাজ্যবাসীদের দেখা যাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে। প্রথম দফার ভোটের মনোনয়নের জন্য ডেডলাইন দেওয়া হয়েছে ১৭ অক্টোবর। তবে আসনরফা নিয়ে এখনও সমস্যা অব্যাহত ইন্ডিয়া শিবিরে, যা দেখে ক্ষুব্ধ আরজেডি নেতা তেজস্বী যাদব। একেবারে কড়া বার্তা দিলেন বিকাশশীল ইনসান পার্টির মুকেশ সাহানিকে। তিনি পরিষ্কার করে দিলেন যে মুকেশ যদি প্রস্তাব মানেন, তাহলে জোটে থাকবেন, নাহলে থাকবেন না।
জানা গিয়েছে, ইন্ডিয়া শিবিরে আসনরফার ক্ষেত্রে মূল সমস্যা মুকেশ সাহানি। তাঁর আবদার মেনে নেওয়া সম্ভব হচ্ছে না জোটের পক্ষে। বেশিরভাগ বড় জোট শরিকের সমস্যা নেই আসনরফা নিয়ে। প্রথমে মুকেশ ৫০ আসন ও উপমুখ্যমন্ত্রী পদপ্রার্থী দাবি করেছিলেন। পরে তা নেমে দাঁড়ায় ২৪ আসনে। তবে জোটের অন্যান্য শরিকরা মনে করছে যে ক্ষমতার চেয়ে বেশি দাবি মুকেশের। তেজস্বী যাদবও তাই মনে করেন। ভিআইপি প্রধানের এই দাবি মেনে নেওয়া হলে ক্ষুব্ধ হবে অন্যান্য শরিকরা এবং বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। তাই বাধ্য হয়ে লালুপুত্র এবার কড়া বার্তা দিয়েছেন মুকেশকে। তিনি পরিষ্কার করে দিয়েছেন যে নয় তাঁর দল ১৫ আসনে লড়বে, নয় বেরিয়ে যাবে।
প্রসঙ্গত, অতীতে শেষ মুহূর্তে পাল্টি খাওয়ার রেকর্ড আছে মুকেশ সাহানির। গত বিধানসভা নির্বাচনেও তিনি মহাজোটের সঙ্গে ছিলেন শুরুতে। কিন্তু আসনরফা নিয়ে অসন্তুষ্ট হওয়ায় তিনি এনডিএর হাত ধরেন। তাদের অধীনে ১১ আসনে লড়েছিল মুকেশের দল। তবে জিতেছিল মাত্র চারটিতে। যদিও এবার সেটা আর করতে পারবেন না মুকেশ। কারণ আসন নিয়ে সমঝোতা শেষ এনডিএর। রাজনৈতিক মহলের মতে, সেই কথা ভেবেই হয়তো মুকেশ সাহানিকে এবার চাপ দিলেন তেজস্বী যাদব।





